রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

থাইল্যান্ডে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৩

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৬, ২০২৫, ০৩:১২ পিএম

থাইল্যান্ডে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৩

থাইল্যান্ডে আকস্মিক ও প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৩ জনে দাঁড়িয়েছে। দেশটির মোট নয়টি প্রদেশ বন্যা কবলিত হয়েছে। এই পরিস্থিতিতে মঙ্গলবার থাই সরকার দক্ষিণ সোংখলা প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে।

খবরটি নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স।গত সপ্তাহের শেষ দিক থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টিপাতের কারণে জনপ্রিয় পর্যটন কেন্দ্র হাট ইয়ে এবং দক্ষিণাঞ্চল প্লাবিত হয়েছে।

থাই সরকারের মুখপাত্র সিরিপং আংকাসাকুলকিয়াত সাংবাদিকদের জানান, "সাতটি প্রদেশে ৩৩ জন মারা গেছেন। বেশিরভাগই মারা গেছেন আকস্মিক বন্যা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এবং পানিতে ডুবে।" তবে তিনি আশা প্রকাশ করেন যে দক্ষিণাঞ্চলে পানির স্তর কমার সম্ভাবনা রয়েছে।

দুর্যোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিভাগের তথ্য অনুযায়ী, দক্ষিণের সাতটি প্রদেশে তীব্র বন্যা ছড়িয়ে পড়েছে, যেখানে কয়েক মিলিয়ন মানুষের বসবাস। বন্যায় স্থানীয় বাসিন্দা এবং পর্যটকরা তাদের বাড়িঘর এবং হোটেলেই আটকা পড়েছেন। নৌকা, জেট স্কি এবং সামরিক ট্রাক ব্যবহার করে সেখানে উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, যদিও থাইল্যান্ডে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত নিয়মিতভাবে ভারী বৃষ্টিপাত হয়, তবে জলবায়ু পরিবর্তনের কারণে আবহাওয়া দিন দিন বৈরী হচ্ছে, যা বন্যার তীব্রতাকে বাড়িয়ে দিচ্ছে। এদিকে, প্রতিবেশী দেশ মালয়েশিয়ার আটটি রাজ্যেও গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাতের ফলে বন্যা দেখা দিয়েছে।