নভেম্বর ২৬, ২০২৫, ০৪:২৩ পিএম
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোকে লেবাননের নাগরিকত্ব দেওয়া হচ্ছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন (এলএফএ) এক ঘোষণার মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন ৫৫ বছর বয়সী ইনফান্তিনোকে এই নাগরিকত্ব প্রদান করেছেন।
এলএফএ এই পদক্ষেপকে “লেবাননের ফুটবলের উন্নয়নে তার ভূমিকা এবং লেবানিজ ফুটবলের প্রতি তার অব্যাহত সমর্থনের প্রতি কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ” হিসেবে বর্ণনা করেছে।
ইনফান্তিনোর স্ত্রী লিনা আল-আশকার লেবানিজ নাগরিক। তিনি স্বামীর দুই দিনের লেবানন সফরের সঙ্গী ছিলেন।শিগগিরই নাগরিকত্ব পেতে চলা ইনফান্তিনো লেবাননের এলবিসিআই-কে বলেছেন:
"আমি এখনও নাগরিকত্ব পাইনি, তবে শিগগিরই পাব। আমি খুব গর্বিত এবং খুব খুশি। বহু বছর ধরেই আমি নিজেকে লেবানিজ ভাবি। তাই এটাকে আনুষ্ঠানিক রূপ দেওয়ায় ভালো লাগছে।"এমটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ইনফান্তিনো আরও বলেন, লেবানিজ নাগরিকত্ব পাওয়ার পর প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে সাক্ষাৎ করতে পেরে তিনি সম্মানিত। তিনি লেবাননকে ভালোবাসেন উল্লেখ করে বলেন:
"আমার অর্ধেকই লেবানিজ। আমরা আন্তর্জাতিক মানসম্পন্ন একটি স্টেডিয়াম নির্মাণে কাজ করব, যা লেবানন ও লেবানিজ ফুটবল অ্যাসোসিয়েশনকে উপহার দেব।" এলএফএ প্রধান হাশেম হায়দার নিশ্চিত করেন, নতুন স্টেডিয়াম নির্মাণ প্রকল্পের সম্পূর্ণ অর্থায়ন করবে ফিফা।
উল্লেখ্য, লেবাননের আইন অনুযায়ী নারীরা তাদের স্বামী বা সন্তানদের নাগরিকত্ব দিতে পারেন না। ফরাসি ম্যান্ডেট আমলের ১৯২৫ সালের আইন অনুসারে কেবল পুরুষরাই বিদেশি স্ত্রীকে নাগরিকত্ব দিতে পারেন।ইনফান্তিনো দুই দিনের সফর শেষে কাতারে যাবেন, যেখানে তিনি লেবানন ও সুদানের মধ্যকার আরব কাপ বাছাই ম্যাচ দেখবেন। ২০১৬ সাল থেকে ফিফা সভাপতির দায়িত্ব পালন করছেন তিনি।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন