নভেম্বর ২৬, ২০২৫, ০৫:১৪ পিএম
হংকংয়ের উত্তরাঞ্চলীয় তাই পো জেলায় একটি আবাসিক কমপ্লেক্সের একাধিক বহুতল ভবনে ভয়াবহ আগুন লেগেছে। ৩১ তলার ভবনগুলোতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এ ঘটনায় এখন পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।
সরকারি সম্প্রচারমাধ্যম আরটিএইচকে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে, এখনো কয়েকজন মানুষ জ্বলন্ত ভবনগুলোর ভেতরে আটকে আছে।
এছাড়া দুজন গুরুতরভাবে দগ্ধ হয়েছে এবং তাদের অবস্থা আশঙ্কাজনক। আগুন নেভানোর সময় দমকল বিভাগের বেশ কয়েকজন সদস্যও আহত হয়েছেন।
দমকল বিভাগ জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ২টা ৫১ মিনিটে তাই পো এলাকার ওয়াং ফুক কোর্টে আগুন লাগার খবর পাওয়া যায়। পরে বিকেল ৩টা ৩৪ মিনিটে আগুনের মাত্রা বেড়ে গেলে ৪ নম্বর সতর্কতা জারি করা হয়, যা দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা।ওয়াং ফুক কোর্ট একটি আবাসিক কমপ্লেক্স, যেখানে আটটি ভবন মিলিয়ে প্রায় ২ হাজারটির মতো ফ্ল্যাট রয়েছে। ভবনগুলোর কিছু অংশে এখনো বাঁশের মাচা (স্ক্যাফোল্ডিং) লাগানো ছিল। হংকং বিশ্বের কয়েকটি স্থানের মধ্যে অন্যতম, যেখানে নির্মাণকাজে এখনো ব্যাপকভাবে এই মাচা ব্যবহার করা হয়।
রয়টার্স জানিয়েছে, রাস্তাজুড়ে অসংখ্য ফায়ার ইঞ্জিন ও অ্যাম্বুল্যান্স সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিল। ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট জানিয়েছে, ভেতরে কতজন আটকে থাকতে পারে, তার সঠিক সংখ্যা এখনো জানা যায়নি।আগুন লাগার কারণে তাই পো রোডের পুরো একটি অংশ বন্ধ করে দেওয়া হয়েছে এবং শহরের প্রধান মহাসড়কের একটি হওয়ায় বাসগুলোকে বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন