সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

রুশ প্রেসিডেন্ট পুতিনকে গীতা উপহার দিলেন মোদি

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৫, ২০২৫, ১০:৪৬ এএম

রুশ প্রেসিডেন্ট পুতিনকে গীতা উপহার দিলেন মোদি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দুই দিনের সরকারি ভারত সফরে রুশ ভাষায় অনুবাদ করা পবিত্র ধর্মগ্রন্থ ভগবদ গীতার একটি প্রতিলিপি উপহার দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই উপহারের বিষয়টি নিয়ে সামাজিকমাধ্যম 'এক্স'-এ পোস্ট দিয়ে ভারতীয় প্রধানমন্ত্রী নিজেই আন্তর্জাতিক মহলে জানিয়েছেন।

সামাজিকমাধ্যম এক্সে দেওয়া পোস্টে মোদি লিখেছেন, "প্রেসিডেন্ট পুতিনকে রুশ ভাষায় গীতার একটি প্রতিলিপি উপহার দিলাম। গীতার শিক্ষা বিশ্বজুড়ে লাখ লাখ মানুষকে অনুপ্রেরণা দেয়।"

এই উপহারটি দুই দেশের মধ্যে কেবল রাজনৈতিক নয়, বরং সাংস্কৃতিক সম্পর্ককে আরও জোরদার করার ইঙ্গিত বহন করছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লির পালাম বিমানবন্দরে রাশিয়ার প্রেসিডেন্টকে উষ্ণ অভ্যর্থনা জানান মোদি। বিমানবন্দরে পুতিনকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। বিমান থেকে নামার সঙ্গে সঙ্গে রুশ প্রেসিডেন্টকে আবেগাপ্লুত হয়ে জড়িয়ে ধরেন ভারতের প্রধানমন্ত্রী। সেখান থেকে একই গাড়িতে করে যাত্রা শুরুর আগে দুই নেতা করমর্দন করেন এবং পরস্পরকে জড়িয়ে ধরেন। এনডিটিভি জানিয়েছে, গত বছর জুলাইয়ে মস্কো সফরে রুশ প্রেসিডেন্ট পুতিন নরেন্দ্র মোদির জন্য ব্যক্তিগত নৈশভোজের আয়োজন করেছিলেন।

সেই আয়োজনের প্রতিক্রিয়ায় পুতিনের জন্য দিল্লিতে ব্যক্তিগত নৈশভোজের আয়োজন করেছেন মোদি। আজ শুক্রবার সকালে দুই নেতার মাঝে শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর রাষ্ট্রপতি ভবনে রুশ প্রেসিডেন্টকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হবে এবং পরে দিল্লির হায়দরাবাদ হাউসে তারা দুপুরের খাবার সারবেন। তার আগে সকালে রাজঘাটে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানানোর কথা রয়েছে পুতিনের।