ডিসেম্বর ৬, ২০২৫, ০৮:১৩ পিএম
ইসরায়েলের কারাগারে বন্দি জনপ্রিয় ফিলিস্তিনি নেতা মারওয়ান বারঘুতিকে হত্যার একটি 'বিপজ্জনক পরিকল্পনা' চলছে বলে কঠোর সতর্কতা জারি করেছে ফিলিস্তিনি অধিকার গোষ্ঠী, ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটি। বারঘুতিকে গুরুতর হামলার অভিযোগ এবং তার মুক্তির পক্ষে আন্তর্জাতিক দাবি বাড়তে থাকার প্রেক্ষাপটে এই সতর্কতার কথা জানাল সংস্থাটি।
ফাতাহ নেতা বারঘুতিকে ২০০২ সালে গ্রেপ্তার করা হয়েছিল এবং বর্তমানে তিনি পাঁচটি যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন। তার বিরুদ্ধে হত্যা এবং হত্যাচেষ্টার অভিযোগ করেছে ইসরাইল।
ফিলিস্তিনিদের মধ্যে বারঘুতি একজন অত্যন্ত জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব এবং 'ফিলিস্তিনের ম্যান্ডেলা' হিসেবেও পরিচিত।
ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটির মহাপরিচালক আমজাদ আল-নাজ্জার বলেছেন, বারঘুতির ওপর ইসরায়েলের ধারাবাহিক হামলা গোপন উদ্দেশ্যকে নির্দেশ করে, যা আন্তর্জাতিক মানবিক আইনের স্পষ্ট লঙ্ঘন। তিনি জাতিসংঘকে জরুরি হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন এবং বারঘুতির সঙ্গে দেখা করতে একটি তদন্ত কমিটি পাঠানোর দাবিও করেছেন। বিশ্লেষকদের মতে, বারঘুতির ব্যাপক জনপ্রিয়তা তাকে দুই-রাষ্ট্র সমাধানের সম্ভাব্য কেন্দ্রীয় নেতৃত্বে পরিণত করতে পারে।
আন্তর্জাতিক মহলে এই সমাধান গ্রহণযোগ্য হলেও, বর্তমান ইসরায়েলি সরকার এর বিরোধিতা করে। গত ফেব্রুয়ারিতে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির, বারঘুতির কক্ষে গিয়ে তার বিরুদ্ধে প্রকাশ্যে হুমকি দেন।বারঘুতির পরিবারও তার ওপর গুরুতর নির্যাতনের অভিযোগ করেছে। তার ছেলে কাসাম বারঘুতি জানান, ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পাওয়া এক বন্দি দাবি করেছেন যে ইসরায়েলি বাহিনী বারঘুতির ওপর ব্যাপক শারীরিক নির্যাতন করেছে, তার দাঁত, পাঁজর, আঙুল ভেঙে দিয়েছে এবং কানের কিছু অংশ কেটে ফেলেছে।
কাসাম জানান, তিনি সরকারি ও আইনি সংস্থার সঙ্গে যোগাযোগ করলেও বারঘুতির বিষয়ে নিশ্চিত তথ্য পাননি। ফিলিস্তিনি কর্তৃপক্ষ এই ঘটনাটিকে "বিপজ্জনক প্রতিশোধমূলক ব্যবস্থা" বলে নিন্দা জানিয়েছে এবং বারঘুতিসহ সব বন্দির নিরাপত্তার জন্য ইসরাইলকে সরাসরি দায়ী করেছে। এর পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। মানবাধিকার গোষ্ঠীগুলোর তথ্য অনুযায়ী, ইসরায়েলের কারাগারে ১০ হাজারের বেশি ফিলিস্তিনি বন্দি আটক রয়েছে এবং তাদের অনেকেই নির্যাতন, অনাহার ও চিকিৎসা অবহেলার শিকার।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন