সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ নিয়ে যা বললেন জয়সওয়াল

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২১, ২০২৫, ০৪:৩৫ পিএম

নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ নিয়ে যা বললেন জয়সওয়াল

ভারতের নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভের ঘটনা নিয়ে গণমাধ্যমে 'বিভ্রান্তিকর' প্রচারণা চালানো হচ্ছে বলে দাবি করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। রোববার (২১ ডিসেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন।

জয়সওয়াল জানান, শনিবার রাতে বাংলাদেশ মিশনের সামনে যে ঘটনাটি ঘটেছে, তার প্রকৃত চিত্র কিছু সংবাদমাধ্যমে অতিরঞ্জিত করে উপস্থাপন করা হচ্ছে।

রণধীর জয়সওয়াল স্পষ্ট করে বলেন, ময়মনসিংহে দিপু চন্দ্র দাসের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে শনিবার রাত সাড়ে ৮টার দিকে ২০-২৫ জন তরুণ বাংলাদেশ হাইকমিশনের সামনে জড়ো হয়েছিলেন।

তারা মূলত বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের সুরক্ষার দাবিতে স্লোগান দিচ্ছিলেন। তবে কোনো পর্যায়েই বিক্ষোভকারীরা হাইকমিশনের নিরাপত্তা বেষ্টনী ভাঙার চেষ্টা করেননি কিংবা কোনো ধরণের নিরাপত্তাজনিত গুরুতর পরিস্থিতির সৃষ্টি হয়নি। ঘটনাস্থলে মোতায়েন থাকা পুলিশ সদস্যরা কয়েক মিনিটের মধ্যেই বিক্ষোভকারীদের সরিয়ে দেয় এবং এর ভিডিও প্রমাণ জনসমক্ষে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র পুনর্ব্যক্ত করেন যে, ভিয়েনা কনভেনশন অনুযায়ী ভারতের ভূখণ্ডে অবস্থিত সব বিদেশি মিশন ও কূটনৈতিক স্থাপনার পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে ভারত সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আরও বলেন, বাংলাদেশের চলমান পরিস্থিতির ওপর ভারত নিবিড়ভাবে নজর রাখছে। দিপু চন্দ্র দাস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানানোর পাশাপাশি বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় ভারতের গভীর উদ্বেগের বিষয়টি নিয়মিতভাবে বাংলাদেশ কর্তৃপক্ষকে জানানো হচ্ছে। দুই দেশের কূটনৈতিক চ্যানেলে যোগাযোগ অব্যাহত রয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়।