শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

বাংলাদেশ ও পাকিস্তান ইস্যুতে চুপ থাকবেন না মোদি: বিজেপি নেতা

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২৩, ২০২৫, ১২:২৮ পিএম

বাংলাদেশ ও পাকিস্তান ইস্যুতে চুপ থাকবেন না মোদি: বিজেপি নেতা

বাংলাদেশ ও পাকিস্তান সংক্রান্ত বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নীরব থাকবেন না বলে মন্তব্য করেছেন জম্মু-কাশ্মীর বিধানসভার বিরোধীদলীয় নেতা ও বিজেপি বিধায়ক সুনীল শর্মা। মঙ্গলবার জম্মু-কাশ্মীরের কিশতওয়ারে হিন্দু সংগঠনগুলোর ডাকা এক প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এই কড়া বার্তা দেন।

বাংলাদেশে সাম্প্রতিক সহিংসতা ও এক হিন্দু শ্রমিক হত্যাকাণ্ডের প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করা হয়।সনাতন ধর্ম সভার সভাপতি মহন্ত রাম শরণ দাস আচার্যের নেতৃত্বে আয়োজিত ওই বিক্ষোভে সুনীল শর্মা দাবি করেন,

বর্তমানে বাংলাদেশ ও পাকিস্তানে হিন্দু সংখ্যালঘুরা পরিকল্পিতভাবে লক্ষ্যবস্তু হচ্ছে। তিনি বলেন, “যুক্তরাষ্ট্র ও চীনের মতো শক্তিশালী রাষ্ট্রগুলোও প্রধানমন্ত্রী মোদিকে ভয় পায়।

তিনি বিশেষ করে বাংলাদেশের হিন্দুদের জন্য এক উজ্জ্বল আশার প্রতীক।” শর্মার মতে, ভারত ২০৪৭ সালের মধ্যে অর্থনৈতিক ও সামরিকভাবে বিশ্ব পরাশক্তি হওয়ার পথে এগোচ্ছে বলেই আন্তর্জাতিক কিছু চক্র ষড়যন্ত্র করে ভারতকে প্রতিবেশী দেশগুলোর মাধ্যমে সংকটে ফেলার চেষ্টা করছে।সমাবেশে সুনীল শর্মা বাংলাদেশে নিহত দীপু নামে এক ব্যক্তির প্রসঙ্গ টেনে বলেন, তার একমাত্র অপরাধ ছিল তিনি হিন্দু। তিনি প্রশ্ন তোলেন, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলা ও বর্তমান পরিস্থিতি নিয়ে জাতিসংঘসহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো কেন রহস্যজনকভাবে নীরব রয়েছে।

এছাড়া তিনি অভিযোগ করেন, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশে অনুষ্ঠেয় নির্বাচন পিছিয়ে দেওয়ার একটি গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবেই সেখানে বিক্ষোভ ও অস্থিরতা জিইয়ে রাখা হচ্ছে।বিক্ষোভ সমাবেশ শেষে সনাতন ধর্ম সভার একটি প্রতিনিধি দল স্থানীয় ডেপুটি কমিশনারের মাধ্যমে ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেন।

এতে বাংলাদেশে হিন্দুদের জানমাল ও উপাসনালয় রক্ষায় ভারত সরকারকে সরাসরি হস্তক্ষেপের অনুরোধ জানানো হয়। কর্মসূচি চলাকালে কিশতওয়ার শহরে আংশিক ধর্মঘট পালিত হয় এবং স্লোগান দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করে তোলেন সমর্থকরা। বিজেপি নেতার এই বক্তব্য এমন এক সময়ে এলো যখন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশে নিজেদের মিশনগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে হাইকমিশনারকে তলব করেছে।