ডিসেম্বর ২৯, ২০২৫, ১২:২৬ পিএম
জুলাই গণঅভ্যুত্থানের লড়াকু যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে বড় ধরনের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ (SFJ)। সোমবার (২৯ ডিসেম্বর) এক বিবৃতির মাধ্যমে হাদির খুনিদের সম্পর্কে বিশ্বাসযোগ্য তথ্যের জন্য ৫৫ লাখ টাকা (বাংলাদেশি মুদ্রায়) পুরস্কার ঘোষণা করেছে সংগঠনটি।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সম্প্রতি জানায় যে, হাদিকে গুলি করে হত্যার পর ঘাতক চক্র সীমান্ত পেরিয়ে ভারতে আশ্রয় নিয়েছে। এরপরই এসএফজে এই বড় অংকের পুরস্কারের ঘোষণা দেয়।
সংগঠনটি মনে করে, এই তথ্যের মাধ্যমে সাধারণ মানুষ খুনিদের অবস্থান শনাক্ত করতে সহায়তা করবে, যা পরবর্তীতে তাদের গ্রেপ্তার ও প্রত্যর্পণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সাহায্য করবে।
এসএফজের জেনারেল কাউন্সেল গুরপতবন্ত সিং পান্নুন এক বিবৃতিতে বলেন, “ওসমান হাদির হত্যাকাণ্ডে ভারতের মোদি সরকারের সরাসরি সম্পৃক্ততা রয়েছে। এটি আন্তঃরাষ্ট্রীয় সন্ত্রাসের একটি অংশ, যা আমরা আগে কানাডায় শহীদ হারদীপ সিং নিজ্জরের হত্যার ক্ষেত্রেও দেখেছি।” তিনি দাবি করেন, হাদি ও নিজ্জরের হত্যার ধরন এবং পরবর্তী পরিস্থিতির মধ্যে গভীর মিল রয়েছে।
বিবৃতিতে সংগঠনটি দাবি করেছে যে, ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ (RAW) এই হত্যাকাণ্ডের নেপথ্যে জড়িত। তারা আরও জানায়, সীমান্ত পেরিয়ে পরিচালিত এ ধরনের হত্যাকাণ্ডের জন্য আন্তর্জাতিকভাবে ভারতকে জবাবদিহিতার আওতায় আনা জরুরি। ইতোমধ্যে হাদি হত্যাকাণ্ডের প্রতিবাদে বিশ্বের ৫টি দেশে বিক্ষোভ করেছে শিখ সম্প্রদায়।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধ হয়েছিলেন শরিফ ওসমান হাদি। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার পর ১৮ ডিসেম্বর তিনি শাহাদাতবরণ করেন। তাঁর মৃত্যুতে বাংলাদেশে শোক ও প্রতিবাদের ঢেউ ওঠে, যার রেশ এখন আন্তর্জাতিক পরিমণ্ডলেও ছড়িয়ে পড়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন