জানুয়ারি ১২, ২০২৬, ০৩:৩৮ পিএম
ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে সাধারণ মানুষের ওপর সহিংসতা ও অতিরিক্ত বলপ্রয়োগের খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। রোববার (১১ জানুয়ারি) এক বিবৃতিতে তিনি ইরানি কর্তৃপক্ষকে 'সর্বোচ্চ সংযম' প্রদর্শনের আহ্বান জানিয়েছেন।
খবর আনাদোলু এজেন্সির।মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানান, ইরানের বিভিন্ন স্থানে নিরাপত্তা বাহিনীর হামলায় বহু মানুষের প্রাণহানির খবরে গুতেরেস গভীরভাবে মর্মাহত।
তিনি স্পষ্টভাবে জানান যে, আন্তর্জাতিক আইনে স্বীকৃত মতপ্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশের অধিকার সম্পূর্ণভাবে রক্ষা করতে হবে।
ইরানি নাগরিকেরা যেন কোনো ভয়ভীতি ছাড়াই তাদের দাবি জানাতে পারেন, সেই নিরাপদ পরিবেশ নিশ্চিত করা সরকারের দায়িত্ব।একইসাথে ইরানে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে ৭২ ঘণ্টা ধরে বিচ্ছিন্ন থাকা ইন্টারনেট ও যোগাযোগব্যবস্থা পুনরায় চালুর আহ্বান জানিয়েছেন গুতেরেস। উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিক্ষোভ বর্তমানে সারা দেশে ছড়িয়ে পড়েছে।
মার্কিনভিত্তিক মানবাধিকার সংস্থা এইচআরএএনএ-র তথ্যমতে, এ পর্যন্ত প্রায় ৪৯০ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন এবং ১০ হাজার ৬০০-এর বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। ইরান সরকার নিহতের সংখ্যা নিশ্চিত না করলেও নিভৃত দমন-পীড়নের অভিযোগ জোরালো হচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন