বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬,
মধ্যপ্রাচ্য সংঘাত

সৌদি আরবের দুই বিমানবন্দরে হুতিদের হামলা ৩ বিদেশি নাগরিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক

অক্টোবর ৮, ২০২৬, ০৯:৫৬ এএম

সৌদি আরবের দুই বিমানবন্দরে হুতিদের হামলা ৩ বিদেশি নাগরিক নিহত

ছবি: সংগৃহীত

সৌদি আরবের দুটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। এই পৃথক হামলায় তিন বিদেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৩৬ জন। নিহতদের মধ্যে দুজন নারী রয়েছেন।

হামলার লক্ষ্যবস্তু হয় আবহা আন্তর্জাতিক বিমানবন্দর এবং রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার বরাতে জানা যায়, গত মঙ্গলবার (৬ অক্টোবর) ও বুধবার (৭ অক্টোবর) এসব হামলা চালানো হয়। আবহা বিমানবন্দরে হামলায় মরক্কো ও আলজেরিয়ার দুই নারী প্রাণ হারান। অন্যদিকে রিয়াদের বিমানবন্দরে নিহত হন সুদানের এক নাগরিক।

সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বা জিএসিএ এক আনুষ্ঠানিক বিবৃতিতে হতাহতের এই সংখ্যা নিশ্চিত করেছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, আবহা বিমানবন্দরে হামলায় দুই নারী নিহতের পাশাপাশি আরও ২৮ জন আহত হন। রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে সুদানির মৃত্যুর ঘটনার পাশাপাশি আহত হন আরও আটজন। আহতদের মধ্যে পাঁচজন সৌদি নাগরিক। সার্বিক ক্ষয়ক্ষতি পর্যালোচনা ও যাত্রী-কর্মীদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় রেখে কাজ চলছে বলে জানিয়েছে জিএসিএ।

হামলা প্রতিহতের দাবিও করেছে যৌথ বাহিনী।

সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানান, রিয়াদের উত্তরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। একই সাথে ইয়েমেনের রাজধানী সানায় সৌদি আরবের রাজধানীতে হামলা চালানোর কাজে ব্যবহৃত একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মঞ্চও ধ্বংস করেছে তাদের বাহিনী।

চলতি সপ্তাহে রিয়াদ বিমানবন্দরের কাছে সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর জ্বালানি সংরক্ষণাগার ও অন্যান্য যন্ত্রপাতির সুরক্ষায় নতুন খাঁচার মতো নিরাপত্তা বেষ্টনী বসানো হয়। এর আগে গত ১৮ সেপ্টেম্বর ইয়েমেন থেকে রিয়াদের বিমানবন্দর লক্ষ্য করে ছোড়া একটি সন্দেহভাজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি করেছিল জোট বাহিনী। পরদিন ১৯ সেপ্টেম্বর বিমানবন্দরটির কাছে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং জ্বালানি সংরক্ষণ এলাকায় আকাশে ঘন কালো ধোঁয়া উড়তে দেখা যায়।

এদিকে সৌদি সমর্থিত ইয়েমেন সরকার এবং ইরান-সমর্থিত হুতিদের মধ্যে লড়াই ক্রমশ তীব্র আকার ধারণ করছে। লোহিত সাগর ও এডেন উপসাগরকে যুক্তকারী কৌশলগত বাব আল-মান্দেব প্রণালির বিস্তীর্ণ অঞ্চল এখনও হুতিদের নিয়ন্ত্রণে রয়েছে।

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার জানিয়েছে, বুধবার ভোরে এডেন বিমানবন্দর লক্ষ্য করেও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় হুতিরা। তবে সেই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

চলমান এই পরিস্থিতির মধ্যে সৌদি আরবে থাকা নিজ দেশের নাগরিকদের চলাচলে বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস।