জানুয়ারি ৩১, ২০২৬, ০৩:১০ পিএম
শনিবার ভোর থেকে গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর বর্বরোচিত হামলায় কমপক্ষে ১২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের অর্ধেকই শিশু। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার তথ্য অনুযায়ী খান ইউনিসের উত্তর-পশ্চিমে আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুতদের একটি আশ্রয়কেন্দ্রে এই বিমান হামলা চালানো হয়। সেখানে ফিলিস্তিনিদের একটি তাঁবুতে সরাসরি বোমা নিক্ষেপ করা হলে তিন শিশুসহ সাতজন প্রাণ হারান।
নিহতদের মরদেহ উদ্ধার করে দ্রুত নাসের মেডিকেল কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। নিরাপদ এলাকা হিসেবে ঘোষিত এই স্থানে আশ্রয় নেওয়া মানুষের ওপর এমন হামলায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
অন্যদিকে গাজা সিটির রেমালপাড়ায় একটি বহুতল ভবনে বিমান হামলায় তিন শিশুসহ আরও পাঁচজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। জরুরি পরিষেবা বিভাগ জানিয়েছে একই সময়ে দারাজপাড়ায় আরেকটি আবাসিক ভবনে বোমা হামলায় অন্তত আটজন গুরুতর আহত হন।
রাফাহ ক্রসিং পুনরায় খুলে দেওয়ার মাত্র একদিন আগে ইসরাইলি বাহিনীর এমন ভয়াবহ হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। গাজার সরকারি মিডিয়া অফিসের তথ্যমতে গত ১০ অক্টোবর যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে এ পর্যন্ত ইসরাইলি হামলায় ৫২৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন যা আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন