বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

এখনও রোজা শুরু হয়নি যে দু’দেশে

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ০১:৩২ পিএম

এখনও রোজা শুরু হয়নি যে দু’দেশে

নিউজিল্যান্ডের একটি মসজিদ

বিশ্বের অধিকাংশ দেশে পবিত্র রমজান মাস শুরু হলেও দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলভুক্ত দুটি দেশে এখনও রোজা শুরু হয়নি। ভৌগোলিক অবস্থানের কারণে ফিজি ও নিউজিল্যান্ডে আগামী শুক্রবার থেকে সিয়াম সাধনা শুরু হবে। সংশ্লিষ্ট দেশগুলোর ইসলামি কর্তৃপক্ষ জানিয়েছে যে শাবান মাসের ২৯ তারিখ সন্ধ্যায় রমজানের নতুন চাঁদ দেখা না যাওয়ায় তারা একদিন বিলম্বে রোজা শুরুর সিদ্ধান্ত নিয়েছে। 

এর ফলে বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি দেশ দুটিতে শাবান মাসের ৩০তম দিন পূর্ণ হচ্ছে।ফেডারেশন অব ইসলামিক অ্যাসোসিয়েশনস অব নিউজিল্যান্ড এবং ফিজি মুসলিম লীগ পৃথক ঘোষণায় নিশ্চিত করেছে যে শুক্রবার থেকে রমজান মাসের গণনা শুরু হবে। 

জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী নিউজিল্যান্ড ও ফিজি এমন একটি ভৌগোলিক অবস্থানে রয়েছে যেখান থেকে খালি চোখে বা শক্তিশালী যন্ত্র দিয়েও নির্দিষ্ট সময়ে চাঁদ দেখা সম্ভব ছিল না। 

এই অঞ্চলের ধর্মীয় কর্তৃপক্ষ স্থানীয়ভাবে চাঁদ দেখার ওপর নির্ভর করে সিদ্ধান্ত নেয় বলে তারা শাবান মাস ৩০ দিন পূর্ণ করার নিয়ম অনুসরণ করেছে।অন্যদিকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং কুয়েতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে গত ১৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু হয়েছে। 

এছাড়া বাংলাদেশ, ওমান, ভারত ও পাকিস্তানসহ এশিয়ার বেশ কিছু দেশে ১৯ ফেব্রুয়ারি থেকে মুসলমানরা সিয়াম সাধনা শুরু করেছেন। ফিজি ও নিউজিল্যান্ডের মুসলিম জনগোষ্ঠী একদিন পিছিয়ে থাকলেও বিশ্বব্যাপী রমজানকে কেন্দ্র করে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।