সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা: নিহত ৮০

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ১০:৩০ এএম

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা: নিহত ৮০

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

আফগানিস্তানের অভ্যন্তরে পাকিস্তানের সামরিক বাহিনীর বড় ধরণের বিমান হামলায় অন্তত ৮০ জন জঙ্গি নিহত এবং আরও কয়েক ডজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। রোববার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সীমান্তসংলগ্ন নানগরহার, পাকতিকা ও খোস্ত প্রদেশে এই অভিযান চালানো হয়। পাকিস্তানের সামরিক সূত্র এবং আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি এই তথ্য নিশ্চিত করেছে। 

ইসলামাবাদ জানিয়েছে, পাকিস্তানে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ধারাবাহিক আত্মঘাতী হামলার জবাবে এই কঠোর সামরিক পদক্ষেপ নেওয়া হয়েছে।পাকিস্তানের সংবাদমাধ্যম এআরওয়াই নিউজের তথ্য অনুযায়ী, মূলত নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এবং ‍‍`ফিতনা আল-খাওয়ারিজ‍‍` নামক গোষ্ঠীর সাতটি গুরুত্বপূর্ণ ঘাঁটি লক্ষ্য করে এই বিমান হামলা চালানো হয়। 

ধ্বংস হওয়া ঘাঁটিগুলোর মধ্যে নানগরহারের নিউ সেন্টার নম্বর-১ ও ২, ইসলাম সেন্টার, ইব্রাহিম সেন্টার এবং খোস্ত ও পাকতিকার একাধিক প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে।

 পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তাদের দাবি, অত্যন্ত নিখুঁত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই লক্ষ্যবস্তুগুলো নির্ধারণ করা হয়েছিল।নিরাপত্তা বাহিনী জানিয়েছে, নিহতদের সংখ্যা আরও বাড়তে পারে কারণ অনেক স্থাপনা পুরোপুরি মাটির সঙ্গে মিশে গেছে। তবে আফগানিস্তানের অভ্যন্তরে হওয়ায় এবং দুর্গম এলাকা হওয়ায় স্বাধীনভাবে নিহতের প্রকৃত সংখ্যা যাচাই করা সম্ভব হয়নি। পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অভিযানটি দেশের নিরাপত্তা নিশ্চিত করার একটি অংশ এবং তারা কোনোভাবেই নিজ ভূখণ্ডে জঙ্গি তৎপরতা সহ্য করবে না।

এদিকে, এই নজিরবিহীন বিমান হামলার ঘটনায় আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে বিশ্লেষকরা মনে করছেন, প্রতিবেশী দুই দেশের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত সীমান্ত উত্তেজনা এবং নিরাপত্তা ইস্যুতে এই ঘটনা নতুন করে কূটনৈতিক টানাপোড়েন সৃষ্টি করতে পারে। বিশেষ করে আফগান ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানে হামলা চালানোর যে অভিযোগ ইসলামাবাদ বারবার করে আসছে, এই অভিযান তার একটি কঠোর বার্তা হিসেবে দেখা হচ্ছে।