সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

গাজায় যুদ্ধবিরতির চার মাসে ইসরাইলি হামলায় নিহত ৬১৪

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ১০:৫৮ এএম

গাজায় যুদ্ধবিরতির চার মাসে ইসরাইলি হামলায় নিহত ৬১৪

গাজায় ইসরাইলি আগ্রাসন

অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার চার মাস পূর্ণ হলেও ইসরাইলি বাহিনীর আগ্রাসন থামেনি। গত বছরের ১০ অক্টোবর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি ঘোষিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইসরাইলি হামলায় নতুন করে ৬১৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। 

রোববার প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর হামলায় আরও দুই ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এবং অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি চলাকালীন এই চার মাসে নিহতের পাশাপাশি এক হাজার ৬৪৩ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। এছাড়া এই সময়ের মধ্যে ধ্বংসস্তূপের নিচ থেকে ৭২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া দীর্ঘমেয়াদি ইসরাইলি আগ্রাসনে গাজায় মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৭২ হাজার ৭২ জনে। 

একই সময়ে আহত ফিলিস্তিনির সংখ্যা এক লাখ ৭১ হাজার ৭৪১ ছাড়িয়ে গেছে। মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও জানানো হয়, ইসরাইলি হামলায় নিহতদের একটি বড় অংশ এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে, যাদের উদ্ধার করা সম্ভব হয়নি।আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবির এবং দক্ষিণ গাজার খান ইউনুসের কাছে কিজান আন-নাজ্জার গ্রামে পৃথক হামলায় দুই ব্যক্তি নিহত হন। 

এছাড়া ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার খবর অনুযায়ী, উত্তর গাজার বাইত লাহিয়ায় ইসরাইলি সেনাদের গুলিতে এক নারী নিহত হয়েছেন। বর্তমানে গাজা শহর, আল-বুরেইজ শরণার্থী শিবির, রাফাহ ও খান ইউনুস এলাকা লক্ষ্য করে ইসরাইলি বাহিনী প্রচণ্ড বোমাবর্ষণ ও গুলি বর্ষণ অব্যাহত রেখেছে। যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও জনবসতিপূর্ণ এলাকায় এই ধরনের সামরিক তৎপরতা গাজার সাধারণ বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ও মানবিক সংকট তৈরি করেছে।