সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

ট্রাম্পের শুল্কনীতি নিয়ে ক্ষুব্ধ অধিকাংশ মার্কিন নাগরিক

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ১১:৩০ এএম

ট্রাম্পের শুল্কনীতি নিয়ে ক্ষুব্ধ অধিকাংশ মার্কিন নাগরিক

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

আমদানিকৃত পণ্যের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত শুল্কনীতি নিয়ে দেশজুড়ে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট এই নীতি বাতিল করার নির্দেশ দিলেও ট্রাম্প আইনি কৌশলে ভিন্ন পথ অবলম্বন করে ১৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক টানাপোড়েন শুরু হয়েছে। 

মার্কিন নাগরিকদের ওপর পরিচালিত সাম্প্রতিক এক সমীক্ষায় দেখা গেছে, দেশটির একটি বড় অংশ এখন ট্রাম্পের এই কর্মকাণ্ডে ক্ষুব্ধ এবং অনেকে এমনকি তাঁর অপসারণও দাবি করছেন।

এবিসি নিউজ এবং ওয়াশিংটন পোস্টের যৌথ উদ্যোগে পরিচালিত এই সমীক্ষায় উঠে এসেছে যে, অধিকাংশ মার্কিন নাগরিক ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক ও বৈদেশিক নীতিকে ভুল বলে মনে করছেন। বিশেষ করে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে ট্রাম্পের নেওয়া পদক্ষেপের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন প্রায় ৬৫ শতাংশ মানুষ। 

আমদানিকৃত পণ্যে অতিরিক্ত শুল্ক বসানোর ফলে দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কায় ৬৪ শতাংশ নাগরিক এই নীতির বিরোধিতা করেছেন। এছাড়া ট্রাম্পের বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে নেওয়া সিদ্ধান্তগুলো নিয়েও সংখ্যাগরিষ্ঠ মানুষের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে।সমীক্ষার তথ্য অনুযায়ী, প্রায় ৫৭ শতাংশ মার্কিনি মনে করেন ট্রাম্পের নেওয়া নীতিগুলো যুক্তরাষ্ট্রের সামগ্রিক অর্থনীতিকে দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত করছে। তবে ট্রাম্পের ওপর বিরক্ত থাকলেও বিরোধী ডেমোক্র্যাট শিবিরের প্রতিও সাধারণ মানুষের খুব একটা আস্থা নেই। 

বর্তমানে ৩৩ শতাংশ মানুষ ট্রাম্পের ওপর ভরসা রাখলেও ডেমোক্র্যাটদের প্রতি সমর্থন রয়েছে মাত্র ৩১ শতাংশের। বাকি ৩১ শতাংশ নাগরিক বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কোনো পক্ষের ওপরই আস্থা রাখতে পারছেন না। এমন মেরুকরণ ও অর্থনৈতিক অস্থিরতা যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ স্থিতিশীলতার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।