রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ভারতে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে নিহত ৭

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ১০:৩১ এএম

ভারতে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে নিহত ৭

ঝাড়খণ্ডে বিমান দুর্ঘটনা

ভারতের ঝাড়খণ্ড রাজ্যে একটি এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে সাত আরোহীর সবার মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় রাজ্যের চাতরা জেলার সিমারিয়া এলাকার কাছে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। রাঁচি থেকে দিল্লির উদ্দেশে রওনা হওয়া এই বিমানটি উড্ডয়নের কিছুক্ষণ পরই রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। রাজ্য সরকারের শীর্ষ কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। 

চাতরার ডেপুটি কমিশনার কীর্তিশ্রী জি জানিয়েছেন, বিধ্বস্ত বিমানে থাকা সাতজন আরোহীই ঘটনাস্থলে প্রাণ হারিয়েছেন।রেডবার্ড এয়ারওয়েজ প্রাইভেট লিমিটেড পরিচালিত এই বিশেষ বিমানটি সোমবার সন্ধ্যা ৭টা ১১ মিনিটে রাঁচি বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছিল। 

রাঁচি বিমানবন্দরের পরিচালক বিনোদ কুমার জানান, উড্ডয়নের পর বিমানটি কলকাতা এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেছিল, কিন্তু আধা ঘণ্টা পরেই তা নিখোঁজ হয়। পরে স্থানীয় বাসিন্দারা সিমারিয়ার বাড়িয়াতু পঞ্চায়েত এলাকার একটি জঙ্গলে বিধ্বস্ত বিমানটির সন্ধান পান। 

স্থানীয় সূত্রমতে, দুর্ঘটনার সময় ওই এলাকায় প্রচণ্ড ঝড়-বৃষ্টি ও বজ্রপাত হচ্ছিল। বৈরী আবহাওয়ার কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।নিহতদের পরিবারের সদস্যরা জানান, সড়কপথে দীর্ঘ যাত্রা ঝুঁকিপূর্ণ হওয়ায় চিকিৎসকের পরামর্শে রোগীকে দ্রুত দিল্লিতে স্থানান্তরের জন্য এয়ার অ্যাম্বুলেন্সের সাহায্য নেওয়া হয়েছিল। 

উন্নত চিকিৎসার আশায় এই যাত্রা শুরু হলেও শেষ পর্যন্ত তা মর্মান্তিক বিয়োগান্তক ঘটনায় রূপ নেয়। ভারতের বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরো ইতোমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। নিহতদের মরদেহ শনাক্তের পর ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।