ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০৯:৪৯ এএম
দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ায় কেন্দ্রীয় ব্যাংকের নতুন নোট পরিবহনের সময় একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে বলিভিয়ার রাজধানী লা পাজের কাছে এল আল্টো শহরে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। দেশটির বিমান চলাচল নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ জানিয়েছে যে দুর্ঘটনায় নিহতের পাশাপাশি অন্তত ৩০ জন গুরুতর আহত হয়েছেন।
আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী শুক্রবার সন্ধ্যায় এল আল্টো শহরে প্রচণ্ড প্রতিকূল আবহাওয়ার মধ্যে বলিভিয়ার বিমানবাহিনীর একটি হারকিউলিস সি-১৩০ বিমান বিধ্বস্ত হয়।
বিমানটি দেশটির কেন্দ্রীয় ব্যাংকের জন্য নতুন ছাপানো ব্যাংকনোট বহন করছিল। বিমানটি সান্টা ক্রুজ থেকে উড্ডয়ন করে এল আল্টো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার চেষ্টা করছিল।
এই সময় নিয়ন্ত্রণ হারিয়ে সেটি রানওয়ে থেকে ছিটকে পড়ে এবং পাশের একটি ব্যস্ত মহাসড়কে থাকা কয়েকটি গাড়ির ওপর প্রচণ্ড বেগে আঘাত হানে। দুর্ঘটনার পরপরই নিরাপত্তার স্বার্থে বিমানবন্দরটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।বলিভিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় পরবর্তীতে নিশ্চিত করেছে যে বিধ্বস্ত বিমানটি তাদের সামরিক বাহিনীর মালিকানাধীন ছিল এবং এটি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত ছিল।
মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিশেষ সতর্কবার্তায় জানানো হয়েছে যে বিমানে পরিবহন করা ব্যাংকনোটগুলোর এখনো কোনো ক্রয়ক্ষমতা তৈরি হয়নি। তাই এসব নোট সংগ্রহ করা বা বাজারজাত করার চেষ্টা করা আইনত দণ্ডনীয় অপরাধ।
তবে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে যে দুর্ঘটনার পর কিছু মানুষ ঘটনাস্থলে গিয়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা নোট সংগ্রহের চেষ্টা করেছে যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী বিমানটি যখন মহাসড়কের ওপর পড়ে তখন সেখানে থাকা ব্যক্তিগত গাড়িগুলো দুমড়ে মুচড়ে যায়। একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন যে তার স্বজন একটি গাড়ির ভেতরে থাকা অবস্থায় বিমানের একটি চাকা তাদের ওপর পড়ে।
এতে তিনি মাথায় প্রচণ্ড আঘাত পান এবং বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। উদ্ধারকর্মীরা জানিয়েছেন যে বিমানের ধ্বংসাবশেষের নিচ থেকে এখনো অনেককে উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। প্রতিকূল আবহাওয়াই এই দুর্ঘটনার প্রাথমিক কারণ হিসেবে ধারণা করা হলেও বিস্তারিত তদন্তের নির্দেশ দিয়েছে দেশটির সরকার।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন