মার্চ ৩, ২০২৬, ০২:৪৫ পিএম
দক্ষিণ ইরানে ৪.৪ মাত্রার একটি মাঝারি ধরনের ভূমিকম্প আঘাত হেনেছে। ইউরোপীয় ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা (ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র) জানিয়েছে, ইউটিসি মান সময় মঙ্গলবার সকাল ০৬টা ৫৫ মিনিটে ভূমিকম্পটি রেকর্ড করা হয়। ভূপৃষ্ঠ থেকে এই কম্পনের গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার, যা তুলনামূলকভাবে অগভীর।
অগভীর ভূমিকম্পের ক্ষেত্রে সাধারণত কম্পন বেশি অনুভূত হয় এবং জানমালের ক্ষয়ক্ষতির ঝুঁকিও বেশি থাকে।ভূমিকম্পের উপকেন্দ্র ছিল দেশটির ঐতিহাসিক শিরাজ শহর থেকে প্রায় ২১৪ কিলোমিটার দক্ষিণ-পূর্বে।
এছাড়া জেরাশ শহর থেকে এর দূরত্ব ছিল প্রায় ৫৩ কিলোমিটার উত্তর-পশ্চিমে। স্থানীয় সময় অনুযায়ী সকাল ১০টা ২৫ মিনিটে কম্পনটি প্রথম অনুভূত হয়। চাঞ্চল্যকর তথ্য হলো, এই ভূকম্পনটি এমন এক সময়ে অনুভূত হয়েছে যখন দেশটির বিভিন্ন সামরিক ও গুরুত্বপূর্ণ স্থানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলা চলছিল। যুদ্ধের আতঙ্কের মধ্যে আকস্মিক এই ভূমিকম্প সাধারণ মানুষের মধ্যে বাড়তি ভীতি ও বিভ্রান্তি তৈরি করে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। ইরানের স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং দুর্গম পাহাড়ি এলাকায় কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে কি না তা যাচাই করার চেষ্টা করছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধাবস্থার মধ্যে এমন প্রাকৃতিক দুর্যোগ ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে বাড়তি জটিলতা তৈরি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন