মার্চ ৬, ২০২৬, ১২:১৪ পিএম
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার দাবি করেছেন যে গত ৭২ ঘণ্টায় মার্কিন বোমারু বাহিনী ইরানের প্রায় ২০০টি কৌশলগত লক্ষ্যবস্তুতে বড় ধরনের হামলা চালিয়েছে। এই অভিযানের অংশ হিসেবে ইরানের অন্তত ৩০টির বেশি জাহাজ সমুদ্রে ডুবিয়ে দেওয়ার দাবি করেছে ওয়াশিংটন।
কুপার জানান মার্কিন বাহিনীর এই জোরালো অভিযানে ইরানের সামরিক সক্ষমতা বিশেষ করে নৌ ও বিমানবাহিনী বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে। লোহিত সাগর ও সংলগ্ন এলাকায় বাড়তে থাকা উত্তজেনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই ভয়াবহ হামলার তথ্য সামনে এলো।
হামলার বিস্তারিত তুলে ধরে অ্যাডমিরাল কুপার আরও জানান যে মাত্র কয়েক ঘণ্টা আগে মার্কিন বাহিনী একটি বিশাল ইরানি ড্রোনবাহী রণতরীতে আঘাত হেনেছে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের বিমানবাহী রণতরীর সমান আকৃতির ওই ড্রোনবাহী জাহাজটিতে হামলার পর বর্তমানে আগুন জ্বলছে বলে মার্কিন সামরিক গোয়েন্দা সূত্রে নিশ্চিত করা হয়েছে। ওই জাহাজে বিপুল পরিমাণ ড্রোন এবং সামরিক সরঞ্জাম মজুদ ছিল বলে ধারণা করা হচ্ছে যা এখন পুরোপুরি ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। এই হামলাকে মধ্যপ্রাচ্যে ইরানের ক্রমবর্ধমান প্রভাব খর্ব করার একটি বড় পদক্ষেপ হিসেবে দেখছে পেন্টাগন।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে এই হামলার ফলে ইরানের বিমানবাহিনী এখন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার চ্যাম্পিয়ন ইন্টার মায়ামির খেলোয়াড়দের সঙ্গে এক সাক্ষাৎ অনুষ্ঠানে অংশ নিয়ে ট্রাম্প মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে কথা বলেন। সেখানে তিনি উল্লেখ করেন যে ইরানকে নির্ধারিত সময়ের আগেই এমনভাবে ধ্বংস করা হচ্ছে যা ইতিহাসে আগে কেউ কখনো দেখেনি। ট্রাম্পের মতে মার্কিন সামরিক বাহিনীর বিধ্বংসী আক্রমণের সামনে ইরান এখন কার্যত অসহায় হয়ে পড়েছে।
উল্লেখ্য যে ইরান একটি প্রধান তেল আমদানিকারক ও রফতানিকারক অঞ্চল হওয়ায় বিশ্ব অর্থনীতিতে এই হামলার প্রভাব পড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এর আগে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ সংস্থা জানিয়েছিল যে মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা দেখা দিতে পারে। তবে যুক্তরাষ্ট্রের দাবি অনুযায়ী ইরানের নৌ ও বিমানবাহিনীর সক্ষমতা যদি সত্যিই এতোটা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তবে তা আঞ্চলিক ভূ-রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন নিয়ে আসবে। এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে মার্কিন এই দাবির প্রেক্ষিতে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন