রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ইরানি জাহাজ থেকে ২০৮ জনকে উদ্ধার করল শ্রীলঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ৬, ২০২৬, ০৭:৫৪ পিএম

ইরানি জাহাজ থেকে ২০৮ জনকে উদ্ধার করল শ্রীলঙ্কা

উদ্ধার অভিযান চলছে

শ্রীলঙ্কার উপকূলে আবারও একটি ইরানি জাহাজ থেকে বিপুল সংখ্যক ক্রুকে উদ্ধার করার খবর পাওয়া গেছে। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন যে, ‍‍`আইআরআইএস বুশেহর‍‍` নামের একটি ইরানি জাহাজ কলম্বো বন্দরের কাছে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে (EEZ) নোঙর করে সাহায্যের আবেদন জানায়। 

জাহাজটি শ্রীলঙ্কার জলসীমায় প্রবেশের অনুমতি চাইলে এবং পরিস্থিতি পর্যালোচনা করে ২০৮ জন ক্রুকে নিরাপদে তীরে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। শ্রীলঙ্কায় নিযুক্ত ইরানি দূতাবাস ও লঙ্কান সরকারের মধ্যে সফল আলোচনার পর এই উদ্ধার প্রক্রিয়া শুরু করে দেশটির নৌবাহিনী।

প্রেসিডেন্ট দিসানায়েকে জানান যে উদ্ধারকৃত ২০৮ জনের মধ্যে ৫৩ জন কর্মকর্তা, ৮৪ জন ক্যাডেট, ৪৮ জন সিনিয়র নাবিক এবং ২৩ জন সাধারণ নাবিক রয়েছেন। নৌবাহিনীর বিশেষ জাহাজের মাধ্যমে তাদের কলম্বো বন্দরে নিয়ে আসার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। 

পরবর্তীতে এই ক্রু সদস্যদের ত্রিনকোমালি বন্দর এলাকায় সরিয়ে নেওয়ার একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনাও সরকারের রয়েছে। ইরানি জাহাজের অধিনায়ক নিজেই বর্তমান পরিস্থিতিতে ক্রুদের নিরাপত্তার স্বার্থে এই উদ্ধারকাজের অনুরোধ জানিয়েছিলেন।উল্লেখ্য যে, গত ৪ মার্চ শ্রীলঙ্কার উপকূলে ‍‍`আইআরআইএস দেনা‍‍` নামের আরেকটি ইরানি জাহাজ মার্কিন সাবমেরিনের টর্পেডো হামলায় বিধ্বস্ত ও ডুবে যায়। 

সেই ঘটনায় ৮৪ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছিল এবং মাত্র ৩২ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছিল। সেই ভয়াবহ অভিজ্ঞতার রেশ কাটতে না কাটতেই আবারও একটি ইরানি জাহাজ বিপদে পড়ায় ভারত মহাসাগরের নিরাপত্তা ও ভূ-রাজনীতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। লঙ্কান পররাষ্ট্রমন্ত্রী বিজিথা হেরাথ জানিয়েছেন, পূর্ববর্তী দুর্ঘটনায় নিহতদের মরদেহ বর্তমানে গালে জাতীয় হাসপাতালে রয়েছে এবং উদ্ধারকৃতদের প্রয়োজনীয় চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।

সূত্র: বিবিসি বাংলা