সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬,

হামলা অব্যাহত থাকলে ইরানই বেশি ক্ষতিগ্রস্ত হবে: সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ৯, ২০২৬, ১১:৫০ এএম

হামলা অব্যাহত থাকলে ইরানই বেশি ক্ষতিগ্রস্ত হবে: সৌদি আরব

সৌদির হুঁশিয়ারি বার্তা

ইরান যদি তাদের হামলা অব্যাহত রাখে তবে তেহরানই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে হুঁশিয়ারি দিয়েছে সৌদি আরব। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে তাদের দেশের ওপর এবং উপসাগরীয়সহ অন্যান্য আরব ও ইসলামী দেশের ওপর ইরানের জঘন্য হামলার তীব্র নিন্দা জানিয়েছে। রিয়াদের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে, এই ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে চরম সংকটের মুখে ঠেলে দিচ্ছে। 

সৌদি আরব মনে করে তেহরানের এই আচরণ আন্তর্জাতিক শিষ্টাচারের পরিপন্থী।সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বেসামরিক স্থাপনা বিশেষ করে বিমানবন্দর ও তেল স্থাপনায় হামলা চালানো আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলার একটি অপচেষ্টা। 

এটি একই সঙ্গে আন্তর্জাতিক সনদ ও আন্তর্জাতিক আইনের প্রকাশ্য লঙ্ঘন। তারা জোর দিয়ে বলেছে যে, এই ধরনের হামলা কোনো নির্দিষ্ট লক্ষ্যবস্তুর বিরুদ্ধে নয় বরং পুরো অঞ্চলের শান্তি বিনষ্ট করার একটি সুপরিকল্পিত পরিকল্পনা মাত্র। রিয়াদ বিশ্ব সম্প্রদায়কে এই বিষয়ে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছে।

হামলার সপক্ষে ইরান যে যুক্তি বা ব্যাখ্যা প্রদান করেছে সৌদি আরব তা সরাসরি প্রত্যাখ্যান করেছে। তেহরান দাবি করেছিল যে, সৌদি ভূখণ্ড ব্যবহার করে যুদ্ধের জন্য যুদ্ধবিমান ও জ্বালানি সরবরাহকারী বিমান পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে। এই দাবি নাকচ করে দিয়ে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওই বিমানগুলো মূলত আকাশপথে নিয়মিত টহল দিচ্ছিল। এর প্রধান উদ্দেশ্য ছিল ইরানের সম্ভাব্য ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা থেকে সৌদি আরব এবং জিসিসি অঞ্চলের আকাশসীমা সুরক্ষিত রাখা। এখানে অন্য কোনো সামরিক উদ্দেশ্য ছিল না বলে জানানো হয়।

মন্ত্রণালয় তাদের বিবৃতিতে আরও কঠোর সতর্কবার্তা উচ্চারণ করে বলেছে যে, ইরান যদি এই ধরনের হামলা ও উসকানি চালিয়ে যায় তবে তা বিদ্যমান পরিস্থিতিকে আরও উসকে দেবে। এর ফলে দুই দেশের বর্তমান ও ভবিষ্যৎ দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর গভীর নেতিবাচক প্রভাব পড়বে যা কাটিয়ে ওঠা অত্যন্ত কঠিন হতে পারে। বিবৃতিতে বলা হয়েছে যে, ইরানের বর্তমান কর্মকাণ্ড কোনোভাবেই প্রজ্ঞার পরিচয় দেয় না এবং উত্তেজনার চক্র বিস্তার এড়ানোর কোনো আন্তরিকতাও এতে দেখা যাচ্ছে না। এ ধরনের সংঘাত আরও বাড়লে শেষ পর্যন্ত সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত ইরানই হবে বলে রিয়াদ হুঁশিয়ারি দিয়েছে।