মার্চ ১৪, ২০২৬, ০৪:০২ পিএম
মধ্যপ্রাচ্যের দীর্ঘস্থায়ী যুদ্ধের উত্তাপের মধ্যে ইরানের একটি প্রাথমিক বিদ্যালয়ে প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শিক্ষার্থীদের পরিবারের পাশে দাঁড়িয়েছে চীন। দক্ষিণ ইরানের মিনাব শহরের ওই মর্মান্তিক ঘটনায় নিহত শিশুদের অভিভাবকদের জন্য বেইজিং দুই লাখ ডলার সমপরিমাণ অর্থ সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে শুক্রবার এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
চীনের এই পদক্ষেপকে মধ্যপ্রাচ্যের বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে ইরানের প্রতি বেইজিংয়ের সরাসরি মানবিক ও কৌশলগত সংহতি হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
যুদ্ধের শুরুর দিকে সংঘটিত এই হামলায় অন্তত ১৬৫ জন প্রাণ হারায় যাদের অধিকাংশই ছিল কোমলমতি শিক্ষার্থী। তেহরান এই হামলার জন্য শুরু থেকেই সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করে আসছিল। সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনেও এই ঘটনার দায় স্বীকারের ইঙ্গিত পাওয়া গেছে।
মার্কিন প্রাথমিক সামরিক তদন্তের বরাতে বলা হয়েছে যে লক্ষ্য নির্ধারণে মারাত্মক ভুলের কারণে যুক্তরাষ্ট্রের একটি টমাহক ক্ষেপণাস্ত্র ওই স্কুলে আঘাত হানে। যদিও ইসরায়েল এই হামলায় জড়িত থাকার বিষয়টি বরাবরই অস্বীকার করে আসছে।বেইজিংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে চীনের রেড ক্রস সোসাইটি জরুরি মানবিক সহায়তা হিসেবে এই অর্থ ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটিকে প্রদান করবে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন এই হামলাকে আন্তর্জাতিক মানবাধিকার আইনের গুরুতর লঙ্ঘন হিসেবে অভিহিত করেছেন।
তিনি এক সংবাদ ব্রিফিংয়ে বলেন যে স্কুল এবং শিশুদের লক্ষ্য করে এ ধরনের হামলা পরিচালনা করা মানবতা ও নৈতিকতার চরম সীমা অতিক্রম করেছে। মানবিক দৃষ্টিকোণ থেকে এই সংকটময় সময়ে ইরানের জনগণের পাশে থাকতে এবং প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখতে বেইজিং প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি উল্লেখ করেন। বর্তমানে এই হামলার ঘটনা আন্তর্জাতিক মহলে নতুন করে মানবাধিকার ও যুদ্ধের নৈতিকতা নিয়ে বিতর্কের সৃষ্টি করেছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন