রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

কলম্বিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৩৪ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ২৪, ২০২৬, ০৯:২০ এএম

কলম্বিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৩৪ জনের মৃত্যু

কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত

দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় একটি সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ৩৪ জনের মৃত্যু হয়েছে। আমাজন বনাঞ্চল সংলগ্ন দেশটির দক্ষিণাঞ্চলে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে জানানো হয়েছে, বিমানটি ১২৫ জন আরোহী নিয়ে পুয়ের্তো লেগুইজামো এলাকা থেকে উড্ডয়ন করার কিছুক্ষণের মধ্যেই দুর্ঘটনার কবলে পড়ে। 

বিমানটিতে ১১ জন বিমানবাহিনীর সদস্য এবং ১১৪ জন সেনাসদস্য অবস্থান করছিলেন। উড্ডয়নের ঠিক পরেই এই বিপর্যয় নেমে আসায় আরোহীদের একটি বড় অংশ হতাহত হয়েছেন।

কলম্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী পেদ্রো সানচেজ জানিয়েছেন, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই সেখানে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। এখন পর্যন্ত ৩৪ জনের মরদেহ উদ্ধারের পাশাপাশি বহু আহত আরোহীকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালগুলোতে পাঠানো হয়েছে। 

আহতদের দ্রুত সরিয়ে নেওয়ার জন্য সামরিক বাহিনীর একাধিক বিশেষ বিমান মোতায়েন করা হয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, আহতদের সংখ্যা অনেক বেশি হওয়ায় স্থানীয় চিকিৎসা ব্যবস্থার ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি হয়েছে এবং পরিস্থিতি সামাল দিতে জাতীয় পর্যায়ে দ্রুত সহায়তার আহ্বান জানানো হয়েছে।দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো এই ঘটনাকে একটি ভয়াবহ দুর্ঘটনা হিসেবে উল্লেখ করে গভীর শোক প্রকাশ করেছেন।

 

তিনি জানান, আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সরকার কাজ করছে এবং নিখোঁজদের বিষয়ে এখনো সব তথ্য নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি কোনো পরিকল্পিত হামলার ফল নয়, বরং যান্ত্রিক গোলযোগ বা প্রতিকূল আবহাওয়ার কারণে ঘটতে পারে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে কলম্বিয়া সরকারের পক্ষ থেকে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে যে বিষয়টি খতিয়ে দেখার পরেই চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা হবে।