সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

‘মুক্তিযুদ্ধের গণহত্যা এখনো অস্বীকার করে পাকিস্তান, ন্যায়বিচারে পাশে থাকবে ভারত’

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ২৭, ২০২৬, ১১:২৩ পিএম

‘মুক্তিযুদ্ধের গণহত্যা এখনো অস্বীকার করে পাকিস্তান, ন্যায়বিচারে পাশে থাকবে ভারত’

ভারতের পররাষ্ট্র মুখপাত্র

১৯৭১ সালের ২৫ মার্চ ‘অপারেশন সার্চলাইট’ এর নামে পাকিস্তান যে পরিকল্পিত গণহত্যা ও নৃশংসতা চালিয়েছিল, তার দায় দেশটি আজও অস্বীকার করছে বলে মন্তব্য করেছে ভারত। শুক্রবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল এই বিষয়টি তুলে ধরেন। 

তিনি স্পষ্ট করে বলেন, পাকিস্তান সেই ভয়াবহ অপরাধ অস্বীকার করে চললেও এই গণহত্যার ন্যায়বিচারের জন্য বাংলাদেশের যে আকাঙ্ক্ষা রয়েছে, ভারত তার প্রতি পূর্ণ সমর্থন জানায়।

রণধীর জয়সওয়াল বলেন, ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর বর্বরতায় লক্ষ লক্ষ নিরীহ বাংলাদেশি মানুষকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল। নারীদের ওপর চালানো হয়েছিল ব্যাপক যৌন অপরাধ। সেই সময় প্রাণ বাঁচাতে কোটি মানুষ ভারতে শরণার্থী হিসেবে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল, যা বিশ্ববিবেককে নাড়া দিয়েছিল। 

ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, পাকিস্তান তাদের এই ঐতিহাসিক অপরাধের কথা স্বীকার না করা অত্যন্ত পরিতাপের বিষয়। তবে বাংলাদেশের মানুষের ন্যায়বিচার পাওয়ার লড়াইয়ে ভারত সবসময় পাশে থাকবে।এর আগে গণহত্যা দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ২৫ মার্চের সেই হত্যাযজ্ঞকে ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায় হিসেবে বর্ণনা করেন। 

তিনি বলেন, সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়, পিলখানা ও রাজারবাগসহ বিভিন্ন স্থানে নিরস্ত্র মানুষের ওপর নির্বিচারে গুলি চালানো হয়েছিল। প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন যে, সেই রাতে চট্টগ্রামের ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ‘উই রিভোল্ট’ বলে সশস্ত্র প্রতিরোধের ডাক দিয়েছিল, যার মধ্য দিয়ে দীর্ঘ নয় মাসের মুক্তিযুদ্ধের সূচনা হয়। স্বাধীনতার সঠিক ইতিহাস ও তাৎপর্য ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার গুরুত্বারোপ করে তিনি একটি সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান জানান।