মার্চ ২৮, ২০২৬, ০৩:০৬ পিএম
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ক্রমাগত হামলায় উত্তর ইসরায়েলের বিস্তীর্ণ জনপদ এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বিশেষ করে মিসগাভ আম, তেশুবা ও গাদের নামক ইসরায়েলি বসতিগুলো হিজবুল্লাহর জোরালো আক্রমণে পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে। এই ভয়াবহ পরিস্থিতির কথা বর্ণনা করতে গিয়ে খোদ ইসরায়েলি এক মেয়র ক্ষোভ ও কান্নায় ভেঙে পড়েছেন।
মারগালিওটের মেয়র আভিচাই স্টার্ন সরাসরি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে এই ব্যর্থতার জন্য দায়ী করেছেন।সম্প্রতি উত্তর ইসরায়েলের স্থানীয় কাউন্সিলের প্রধানরা সরকারি কর্মকর্তাদের সঙ্গে এক জরুরি বৈঠকে বসেন।
জুমের মাধ্যমে সেই বৈঠকে যুক্ত হওয়া প্রধানমন্ত্রী নেতানিয়াহু মেয়রদের অনুরোধ করেন যেন তারা বাসিন্দাদের এলাকা ছেড়ে যাওয়া ঠেকানোর সব ধরনের চেষ্টা করেন। তবে মেয়রের বক্তব্যে সরকারের প্রতি তীব্র অসন্তোষ ফুটে ওঠে।
মেয়র স্টার্ন অভিযোগ করেন যে হিজবুল্লাহর হামলায় ঘরবাড়ি ও অবকাঠামো ধসে পড়লেও সরকার সীমান্তবর্তী এই জনপদগুলোকে কোনো ধরনের সহায়তা দিচ্ছে না। তিনি আক্ষেপ করে বলেন কোনো রাষ্ট্র তাদের সমর্থন করছে না এবং সরকারের অদূরদর্শিতার কারণে সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে।নেতানিয়াহুর বর্তমান কার্যক্রমকে বড় পরাজয় হিসেবে উল্লেখ করে মেয়র আরও বলেন যে হয় সরকারকে স্বীকার করতে হবে তারা পরিস্থিতি সামলাতে পারছে না অথবা দ্রুত কার্যকর কোনো পদক্ষেপ নিতে হবে।
মেয়রের এই আবেগঘন ও আক্রমণাত্মক অবস্থান ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতে নেতানিয়াহু সরকারের ওপর চাপ আরও বাড়িয়ে দিয়েছে। সীমান্ত এলাকায় বসবাসরত সাধারণ মানুষের মধ্যে ক্রমবর্ধমান নিরাপত্তাহীনতা ও ক্ষোভের চিত্রই এই বৈঠকের মাধ্যমে ফুটে উঠেছে।এদিকে দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাদের অগ্রযাত্রা ঠেকাতে গত ২৪ ঘণ্টায় অন্তত ৮২টি অভিযান চালানোর দাবি করেছে হিজবুল্লাহ। গোষ্ঠীটি জানিয়েছে তারা ইসরায়েলের ভেতরে ও সীমান্ত এলাকায় এসব হামলা চালিয়েছে।
লেবাননের কানতারা ও মিনিয়ারা শহরেও দুই পক্ষের মধ্যে এখন তীব্র সম্মুখ লড়াই চলছে। হিজবুল্লাহর পক্ষ থেকে দাবি করা হয়েছে যে লড়াই চলাকালীন তারা দুটি ইসরায়েলি ট্যাংক ধ্বংস করতে সক্ষম হয়েছে। গত এক সপ্তাহ ধরে চলা এই স্থলযুদ্ধ মধ্যপ্রাচ্যের সামগ্রিক পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলেছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন