সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ৮০ লাখ মার্কিনির বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ২৯, ২০২৬, ১১:১২ এএম

ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ৮০ লাখ মার্কিনির বিক্ষোভ

ওয়াশিংটনে ট্রাম্পবিরোধী বিক্ষোভ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি ও নেতৃত্বের বিরুদ্ধে ‘নো কিংস’ স্লোগানে উত্তাল হয়ে উঠেছে পুরো দেশ। গত শনিবার দেশটির ৫০টি অঙ্গরাজ্যের বিভিন্ন শহরে প্রায় ৮০ লাখ মানুষ এই গণবিক্ষোভে অংশ নিয়েছেন বলে জানা গেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে যে সাধারণ মার্কিনিরা রাস্তায় নেমে প্রেসিডেন্ট ট্রাম্পের কর্মকাণ্ডের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করছেন। 

বিক্ষোভকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড ও স্লোগানের মাধ্যমে স্পষ্টভাবে জানিয়েছেন যে তারা আমেরিকায় কোনো ‘রাজা’ দেখতে চান না। গত বছরের অক্টোবর মাসের বিক্ষোভের তুলনায় এবারের কর্মসূচিতে মানুষের অংশগ্রহণ প্রায় দশ লাখ বৃদ্ধি পেয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী গত বছরের জুন মাসে প্রথমবার ‘নো কিংস’ আন্দোলনে প্রায় ৪০ থেকে ৬০ লাখ মানুষ অংশ নিয়েছিলেন। এরপর অক্টোবর মাসের দ্বিতীয় দফার আন্দোলনে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৭০ লাখে। 

তবে এবারের তৃতীয় দফার আন্দোলনে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে বলে অনেক পর্যবেক্ষক মনে করছেন। বিশেষ করে গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েল বাহিনীর সাথে মার্কিন যৌথ বাহিনীর যুদ্ধ শুরু হওয়ার এক মাস অতিক্রান্ত হলেও শান্তি না ফেরায় সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ চরম আকার ধারণ করেছে।যুদ্ধ ছাড়াও ট্রাম্প প্রশাসনের বেশ কিছু বিতর্কিত সিদ্ধান্তের বিরুদ্ধে এই আন্দোলন গড়ে উঠেছে। 

এর মধ্যে উল্লেখযোগ্য হলো গণহারে প্রবাসীদের আটক করে নিজ দেশে ফেরত পাঠানো এবং কঠোর অভিবাসন নীতি কার্যকর করা। এছাড়া গর্ভপাত নিষিদ্ধকরণ এবং জলবায়ু পরিবর্তন রোধে শিথিল পরিবেশ নীতির কারণেও সাধারণ নাগরিকরা প্রশাসনের ওপর ক্ষুব্ধ। দেশটির প্রায় ২ হাজার ৭০০টিরও বেশি জায়গায় এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। বিক্ষোভকারীরা মনে করছেন বর্তমান সরকারের একপাক্ষিক সিদ্ধান্তগুলো গণতান্ত্রিক মূল্যবোধকে সংকটে ফেলছে যা এই বিশাল জনসমাবেশের প্রধান কারণ হিসেবে দেখা দিচ্ছে।