শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬,

মধ্যপ্রাচ্যে সার্বভৌমত্ব রক্ষার আহ্বান শি জিনপিংয়ের

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ১৪, ২০২৬, ০৩:০১ পিএম

মধ্যপ্রাচ্যে সার্বভৌমত্ব রক্ষার আহ্বান শি জিনপিংয়ের

বৈঠকে শি জিনপিং ও ক্রাউন প্রিন্স

মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং ভৌগোলিক অখণ্ডতাকে সম্পূর্ণভাবে সম্মান করার জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। মঙ্গলবার বেইজিংয়ে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির ক্রাউন প্রিন্স খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এই মন্তব্য করেন। 

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম শিনহুয়ার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।বৈঠকে শি জিনপিং বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা বজায় রাখা অত্যন্ত জরুরি। 

তিনি অঞ্চলটির সব দেশের নাগরিক, গুরুত্বপূর্ণ স্থাপনা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করার ওপর বিশেষভাবে গুরুত্বারোপ করেন। শি জিনপিংয়ের মতে, পারস্পরিক সম্মান ও সহযোগিতাই পারে এই অঞ্চলের চলমান অস্থিরতা দূর করে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে। 

মধ্যপ্রাচ্যের চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনার মাঝে চীনের এই বার্তা বেইজিংয়ের কূটনৈতিক অবস্থানকে আরও স্পষ্ট করল।চীনের এই শান্তি বার্তার মধ্যেই ওই অঞ্চলে যুক্তরাষ্ট্র ও চীনের বাণিজ্যিক জাহাজের মধ্যে এক ধরনের স্নায়ুযুদ্ধ পরিলক্ষিত হচ্ছে। গত সোমবার (১৩ এপ্রিল) থেকে মার্কিন নৌবাহিনী ইরানের বন্দরগামী জাহাজের ওপর কঠোর নৌ অবরোধ কার্যকর শুরু করেছে। তবে এই মার্কিন নিষেধাজ্ঞাকে পাত্তাই দেয়নি একটি চীনা তেলবাহী ট্যাংকার। 

‘রিচ স্টারি’ নামক জাহাজটি সফলভাবে হরমুজ প্রণালি পার হয়ে অবরোধের আওতায় থাকা সমুদ্রপথ অতিক্রম করেছে। মঙ্গলবার মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে জানানো হয়, মার্কিন অবরোধ শুরু হওয়ার পর এটিই প্রথম কোনো ট্যাংকার যা উপসাগরীয় এলাকা থেকে বের হতে সক্ষম হলো।জাহাজ চলাচল সংক্রান্ত আন্তর্জাতিক সংস্থা ‘মেরিন ট্রাফিক’ ও ‘কেপলার’-এর তথ্য অনুযায়ী, চীনা ট্যাংকারটি সংযুক্ত আরব আমিরাতের হামরিয়া বন্দর থেকে প্রায় ২ লাখ ৫০ হাজার ব্যারেল মিথানল বহন করছিল। 

মাঝারি আকারের এই জাহাজটি সাংহাই জুয়ানরুন শিপিং কোম্পানি লিমিটেডের মালিকানাধীন, যারা নিজেরাই মার্কিন নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, শি জিনপিংয়ের সার্বভৌমত্বের ডাক এবং চীনা জাহাজের এই সাহসী পদক্ষেপ মূলত মধ্যপ্রাচ্যে মার্কিন প্রভাবকে চ্যালেঞ্জ করার একটি সুদূরপ্রসারী কৌশল।