শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬,

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি চীনের

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ১৪, ২০২৬, ০৬:৩৫ পিএম

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি চীনের

শুল্ক হুমকির জবাব চীনের

ইরানকে সামরিক সহায়তা প্রদানের অভিযোগে চীনা পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের হুমকির তীব্র নিন্দা জানিয়েছে বেইজিং। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই হুঁশিয়ারির জবাবে চীন স্পষ্টভাবে জানিয়েছে, বেইজিংয়ের ওপর কোনো ধরনের অর্থনৈতিক চাপ তৈরির চেষ্টা করা হলে তারা অবশ্যই পাল্টা ব্যবস্থা গ্রহণ করবে। মঙ্গলবার (১৪ এপ্রিল) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই সতর্কবার্তা দেওয়া হয়।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ঘোষণায় বলেন, যুদ্ধে ইরানকে সামরিকভাবে সহায়তা করলে চীনের ওপর ৫০ শতাংশ ট্যারিফ বা শুল্ক আরোপ করা হবে।

তিনি হুশিয়ারি দিয়ে জানান, তেহরানকে সামরিক সাহায্য দেওয়ার বিষয়টি প্রমাণিত হলে যুক্তরাষ্ট্রে প্রবেশকারী বেইজিংয়ের সকল পণ্যের ওপর ‘বিস্ময়কর’ নতুন শুল্ক বসানো হবে। এই উত্তেজনার প্রেক্ষাপটে আগামী মাসে চীনে ট্রাম্পের পূর্বনির্ধারিত একটি রাষ্ট্রীয় সফরও স্থগিত করা হয়েছে।

সিএনএনের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান দুই সপ্তাহের যুদ্ধবিরতির মধ্যেই বেইজিং আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। এই তথ্যের ভিত্তিতে ট্রাম্প মন্তব্য করেন, মার্কিন গোয়েন্দা তথ্যানুযায়ী চীন যদি সত্যিই ইরানকে সহায়তা করে থাকে, তবে বেইজিং বড় ধরনের সমস্যার মুখে পড়বে। তবে ট্রাম্পের এই দাবিকে পুরোপুরি ‘বানানো এবং মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছে চীনা কর্তৃপক্ষ।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন জানান, ইরানকে সামরিক সাহায্য দেওয়ার সংবাদগুলো ভিত্তিহীন। তিনি বলেন, চীন সামরিক পণ্য রপ্তানির ক্ষেত্রে সবসময় অত্যন্ত সতর্ক এবং দায়িত্বশীল আচরণ করে। চীনের নিজস্ব আইন-কানুন এবং আন্তর্জাতিক দায়বদ্ধতা মেনেই কঠোর নিয়ন্ত্রণ বজায় রাখা হয়। বেইজিংয়ের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে, মিথ্যা অভিযোগের ভিত্তিতে আমেরিকা যদি ট্যারিফ বৃদ্ধি করে, তবে চীনও সমপরিমাণ পাল্টা জবাব দিতে প্রস্তুত।

বিশ্লেষকদের মতে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সংঘাতের মধ্যে চীনের এই অবস্থান এবং ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপের হুমকি বৈশ্বিক বাণিজ্য বাজারে নতুন করে অস্থিরতা তৈরি করতে পারে। বিশেষ করে হরমুজ প্রণালির নৌ-অবরোধের কারণে বিশ্ব যখন খাদ্য ও জ্বালানি বিপর্যয়ের শঙ্কায় রয়েছে, তখন দুই পরাশক্তির এমন মুখামুখি অবস্থান বিশ্ব অর্থনীতিকে আরও ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে।