এপ্রিল ১৪, ২০২৬, ০৬:৪৯ পিএম
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চালানো সাম্প্রতিক হামলায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহায়তা করার অভিযোগে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের পাঁচটি দেশের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষতিপূরণ দাবি করেছে ইরান। তেহরানের দাবি, এসব দেশ তাদের ভূখণ্ড ও আকাশসীমা ব্যবহার করতে দিয়ে আন্তর্জাতিক বাধ্যবাধকতা এবং প্রতিবেশী সুলভ সম্পর্কের চরম লঙ্ঘন করেছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে চ্যানেল ২৪-এর এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য জানানো হয়েছে।জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি গত সোমবার জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং নিরাপত্তা পরিষদের চলতি মাসের সভাপতির কাছে পাঠানো এক চিঠিতে এই দাবি উত্থাপন করেন।
ইরানের ক্ষতিপূরণ দাবি করা দেশগুলোর তালিকায় রয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), বাহরাইন, কাতার এবং জর্ডান। চিঠিতে ইরানি দূত স্পষ্ট করে উল্লেখ করেছেন যে, ইরানের ওপর মার্কিন-ইসরায়েলি হামলা পরিচালনার সুযোগ করে দিয়ে এই দেশগুলো সরাসরি দায়বদ্ধতা লঙ্ঘন করেছে।
ফলে যুদ্ধে ইরানের যে বিশাল জানমালের ক্ষয়ক্ষতি হয়েছে, তার দায়ভার নিয়ে দেশগুলোকে অবশ্যই ক্ষতিপূরণ দিতে হবে।চিঠিতে আমির সাঈদ ইরাভানি আরও জানান, ইরানের সশস্ত্র বাহিনীর বিশেষ পর্যবেক্ষণ ও মূল্যায়ন প্রতিবেদনের ভিত্তিতে অকাট্য প্রমাণ রয়েছে যে, উল্লিখিত দেশগুলোর ভূমি ব্যবহার করেই হামলাটি পরিচালিত হয়েছিল। এসব গোয়েন্দা তথ্য ও প্রমাণ ইতোমধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জমা দেওয়া হয়েছে বলে তেহরান দাবি করছে।
চিঠিতে আরও অভিযোগ করা হয় যে, আগ্রাসীরা এসব দেশের ভূখণ্ড ব্যবহার করে ইরানের কিছু বেসামরিক লক্ষ্যবস্তুতে অবৈধভাবে হামলা চালিয়েছে, যা যুদ্ধাপরাধের শামিল। এই ৫টি দেশকে বস্তুগত ও নৈতিক—উভয় ধরনের ক্ষতির জন্য দায়ী করেছে ইরান।উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের ওপর একটি ভয়াবহ হামলা চালায়, যাতে বহু মানুষ হতাহত হয়। এর প্রতিক্রিয়ায় ইরানও ইসরায়েলসহ ইরাক, জর্ডান এবং উপসাগরীয় অঞ্চলে থাকা বিভিন্ন মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা মিসাইল হামলা চালিয়েছিল।
পরবর্তীতে পরিস্থিতি স্থিতিশীল করতে গত সপ্তাহে দুই সপ্তাহের একটি সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। তবে সংকট নিরসনে গত রোববার পাকিস্তানের ইসলামাবাদে ইরান ও মার্কিন প্রতিনিধিদের মধ্যে যে দীর্ঘ আলোচনা অনুষ্ঠিত হয়েছিল, তা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়েছে। কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পরপরই ইরানের এই ক্ষতিপূরণ দাবি মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে নতুন করে চরম উত্তাপ ছড়াতে পারে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন