শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

যুক্তরাষ্ট্রকে ফের যুদ্ধের হুঁশিয়ারি দিল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ১৪, ২০২৬, ০৯:১৯ পিএম

যুক্তরাষ্ট্রকে ফের যুদ্ধের হুঁশিয়ারি দিল ইরান

যুদ্ধংদেহী অবস্থানে ইরান-যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চলমান যুদ্ধবিরতি শেষ হওয়ার আগেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান। তেহরান স্পষ্ট করে জানিয়েছে, হরমুজ প্রণালীর ওপর তাদের সার্বভৌম অধিকারকে স্বীকৃতি না দিলে তারা পুনরায় মার্কিন-ইসরায়েলি বাহিনীর সঙ্গে সরাসরি যুদ্ধে লিপ্ত হবে। মঙ্গলবার (১৪ এপ্রিল) ইরানি পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের মুখপাত্র ইব্রাহিম রেজাই এই হুঁশিয়ারি দেন। 

ইরানের আধা-সরকারি মেহের নিউজ এজেন্সির বরাতে এ খবর জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন।ইব্রাহিম রেজাই সতর্ক করে বলেন, “যুদ্ধবিরতির সাময়িক এই অবকাশ যেন আবার অশান্তি সৃষ্টি ও পুনরায় অস্ত্রসজ্জার সুযোগ হিসেবে ব্যবহৃত না হয়।” 

তিনি জোর দিয়ে বলেন, বর্তমান যে স্থিতিশীলতা বিরাজ করছে, তা যেন নতুন করে যুদ্ধ বাড়ানোর কারণ না হয়ে দাঁড়ায়। বিশেষ করে হরমুজ প্রণালীর ওপর নিয়ন্ত্রণ বজায় রাখা ইরানের জন্য একটি প্রধান শর্ত। অন্যথায়, ২২ এপ্রিল যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার পর পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে তিনি ইঙ্গিত দেন।

এদিকে, তেহরানের এই কড়া বার্তার মাঝেই এক চাঞ্চল্যকর দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (১৩ এপ্রিল) তিনি সাংবাদিকদের জানান, ইরান থেকে ‘লোকজন’ তাঁর প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছে। ট্রাম্পের মতে, এর অর্থ হলো তেহরান একটি স্থায়ী সমঝোতা বা চুক্তি করতে চায়। যদিও ইরানের পক্ষ থেকে কে বা কারা যোগাযোগ করেছে কিংবা আলোচনার বিষয়বস্তু কী ছিল, সে সম্পর্কে ট্রাম্প বিস্তারিত কোনো তথ্য দেননি।

তবে ট্রাম্পের এই আলোচনার দাবির সঙ্গেই মাঠ পর্যায়ে উত্তেজনার পারদ চড়ছে। বর্তমানে মার্কিন নৌবাহিনী ইরানের বন্দরগুলোতে জাহাজ প্রবেশ বা প্রস্থান ঠেকাতে হরমুজ প্রণালীতে নৌ-অবরোধ শুরু করেছে। এর আগে গত ১২ এপ্রিল ইসলামাবাদে অনুষ্ঠিত ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হওয়ায় এই অবরোধের ডাক দেন ট্রাম্প। আলোচনা ব্যর্থ হওয়ার মাত্র কয়েক ঘণ্টা পরই লোহিত সাগর ও সংলগ্ন এলাকায় যুদ্ধজাহাজ মোতায়েনের এই সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যকে আবারও এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ইতোমধ্যে মার্কিন নৌ-অবরোধের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। তারা হুশিয়ারি দিয়েছে যে, হরমুজ প্রণালীতে কোনো ধরনের শত্রুতামূলক পদক্ষেপের জবাবে তারা ‘জোরালো প্রতিক্রিয়া’ দেখাবে। আগামী ২২ এপ্রিল বর্তমান দুই সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে চলেছে। ইসলামাবাদ আলোচনা ব্যর্থ হওয়া এবং ট্রাম্পের হার্ডলাইন অবস্থানের ফলে এই মেয়াদ শেষে নতুন করে বড় ধরনের সংঘাত শুরু হওয়ার শঙ্কা এখন আগের চেয়ে অনেক বেশি।