শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

ভারতে তাপবিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণ: নিহত ১১, আহত ২২

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ১৫, ২০২৬, ০৯:৩৮ এএম

ভারতে তাপবিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণ: নিহত ১১, আহত ২২

ভারতে বিদ্যুৎ কেন্দ্রে দুর্ঘটনা

ভারতের ছত্তিশগড় রাজ্যে একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ বয়লার বিস্ফোরণে অন্তত ১১ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও ২২ জন শ্রমিক গুরুতর আহত হয়েছেন, যাঁদের নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে এই দুর্ঘটনা ঘটলেও বুধবার সকালে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো হতাহতের চূড়ান্ত তথ্য প্রকাশ করে।

সংবাদসংস্থা পিটিআইয়ের বরাতে জানা যায়, মঙ্গলবার দুপুরে ছত্তিশগড়ের শক্তি জেলার সিংহিতারাই গ্রামে অবস্থিত বেদান্ত লিমিটেডের বিদ্যুৎকেন্দ্রে একটি বয়লার টিউব আকস্মিকভাবে বিস্ফোরিত হয়। বিস্ফোরণের সময় ওই কক্ষে অনেক শ্রমিক কর্মরত ছিলেন। 

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। দুর্ঘটনাস্থলের ধ্বংসস্তূপের নিচে এখনও কয়েকজন কর্মী আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করছে পুলিশ, ফলে হতাহতের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

শক্তির জেলা পুলিশ সুপার প্রফুল্ল ঠাকুর গণমাধ্যমকে জানান, বিস্ফোরণের পর ঘটনাস্থলেই চারজন শ্রমিক নিহত হন। পরবর্তীতে গুরুতর দগ্ধ ও আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরও সাতজনের মৃত্যু হয়। বর্তমানে চিকিৎসাধীন ২২ জনের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই। তিনি বলেন, নিহতদের পরিবারের পাশে সরকার রয়েছে। 

বিস্ফোরণের সঠিক কারণ অনুসন্ধানে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং কোনো ধরনের অবহেলা প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।এদিকে ঘটনার বিষয়ে এক বিবৃতিতে বেদান্ত লিমিটেড কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার কবলে পড়া বয়লার কক্ষটি সরাসরি তাদের নিয়ন্ত্রণে ছিল না। ইউনিটটির পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিল সাব-কন্ট্রাক্টর এনটিপিসি জিই পাওয়ার সার্ভিসেস লিমিটেডের কর্মীরা। তবে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রয়োজনীয় সহায়তা প্রদান এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এই বিস্ফোরণের জেরে ওই এলাকায় শ্রমিকদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।