এপ্রিল ২২, ২০২৬, ১০:৪৮ পিএম
ভারতের উত্তরাখণ্ডের ঐতিহ্যবাহী গঙ্গোত্রী মন্দিরে প্রবেশের ক্ষেত্রে ‘পঞ্চগব্য’ সেবন বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে মন্দির কর্তৃপক্ষ। ২০২৬ সালের চারধাম যাত্রা শুরুর লগ্নে দর্শনার্থীদের জন্য এমন নজিরবিহীন বিধিনিষেধ জারি করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, গোমূত্র ও গোবর মিশ্রিত এই পবিত্র পানীয় গ্রহণ না করলে কোনো দর্শনার্থীই মন্দিরের ভেতরে প্রবেশের অনুমতি পাবেন না। বিশেষ করে অহিন্দু দর্শনার্থীদের ক্ষেত্রেও এই শর্ত কঠোরভাবে প্রযোজ্য হবে বলে মন্দির কমিটি থেকে জানানো হয়েছে।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানানো হয়েছে, মন্দিরের পবিত্রতা রক্ষা এবং আগত দর্শনার্থীরা সনাতন ধর্মীয় আচারের প্রতি শ্রদ্ধাশীল কি না তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। শাস্ত্রীয় বিধান অনুযায়ী, পঞ্চগব্য হলো পাঁচটি উপাদানের একটি সংমিশ্রণ।
এতে গরুর দুধ, দই, ঘিয়ের পাশাপাশি গোমূত্র ও গোবর ব্যবহৃত হয়। গঙ্গোত্রী মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের এই মিশ্রণে অতিরিক্ত হিসেবে পবিত্র গঙ্গাজলও মেশানো হবে। মূলত মন্দিরের পবিত্র আবহ বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কমিটির পক্ষ থেকে দাবি করা হয়।
গঙ্গোত্রী মন্দির কমিটির মুখপাত্র পুরুষোত্তম উনিয়াল সংবাদমাধ্যমকে জানান, সনাতন ধর্মের যেকোনো আচারের ক্ষেত্রে পঞ্চগব্য একটি অপরিহার্য অংশ। ইদানীং অনেকেই ধর্মীয় অনুশাসন ও ভক্তির তোয়াক্কা না করেই পর্যটক হিসেবে মন্দিরে আসছেন বলে তারা লক্ষ্য করেছেন। মূলত এই প্রবণতা রোধ করতেই তারা এমন কঠোর নিয়ম কার্যকর করেছেন। গত শুক্রবার অক্ষয় তৃতীয়ার শুভ তিথিতে যমুনোত্রী, গঙ্গোত্রী এবং কেদারনাথ মন্দিরের দ্বার খোলার দিন থেকেই এই নিয়ম কার্যকর করার ঘোষণা দেওয়া হয়।
এর আগে গত ১১ মার্চ শ্রী বদ্রীনাথ-কেদারনাথ মন্দির সমিতি বদ্রীনাথ ও কেদারনাথ মন্দিরে অহিন্দুদের প্রবেশ নিষিদ্ধ করার একটি প্রস্তাব অনুমোদন করেছিল। গঙ্গোত্রী মন্দিরের এই নতুন সিদ্ধান্তকে সেই ধারাবাহিকতারই একটি আরও কঠোর রূপ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। বর্তমানে চারধাম যাত্রা উপলক্ষে পুরো উত্তরাখণ্ড রাজ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তবে মন্দিরে প্রবেশের জন্য পঞ্চগব্য সেবনের এই নতুন নিয়ম নিয়ে সাধারণ তীর্থযাত্রীদের মধ্যে ব্যাপক মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অনেকেই একে সনাতন ধর্মের শাশ্বত ঐতিহ্য হিসেবে দেখলেও ভিন্নমতাবলম্বীদের মধ্যে এ নিয়ে কিছুটা অস্বস্তি ও সমালোচনা তৈরি হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন