রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে প্রথম দফার ভোটগ্রহণ শুরু

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ২৩, ২০২৬, ১০:৩৩ এএম

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে প্রথম দফার ভোটগ্রহণ শুরু

ভোটগ্রহণ শুরু

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের বহুল প্রতীক্ষিত প্রথম দফার ভোটগ্রহণ আজ বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়েছে। স্থানীয় সময় সকাল সাতটায় শুরু হওয়া এই ভোটগ্রহণ প্রক্রিয়া চলবে বিকেল পাঁচটা পর্যন্ত। প্রথম ধাপের এই নির্বাচনে রাজ্যের ১৫২টি আসনে ৩ কোটি ৬০ লাখ ভোটার তাদের পছন্দের জনপ্রতিনিধি নির্বাচন করতে ভোটকেন্দ্রে উপস্থিত হচ্ছেন। 

সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রের বাইরে ভোটারদের দীর্ঘ লাইন এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে যা একটি উৎসবমুখর পরিবেশের ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার মালদা ও মুর্শিদাবাদ এবং দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম আসনে ভোটগ্রহণ চলায় রাজনৈতিক মহলে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। 

নির্বাচন কমিশন অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে পুরো এলাকাকে তিন স্তরের কঠোর নিরাপত্তা বলয়ে ঢেকে দিয়েছে। পুলিশ ও রাজ্য বাহিনীর পাশাপাশি বিপুল সংখ্যক কেন্দ্রীয় সেনা সদস্য মোতায়েন করা হয়েছে প্রতিটি বুথে। 

এর পাশাপাশি স্পর্শকাতর এলাকাগুলোতে নজরদারি নিশ্চিত করতে ভারতীয় বিমান বাহিনীর সদস্যরা আকাশপথে টহল দিচ্ছেন। তবে ভোটের আগের রাতে নন্দীগ্রাম দাঁতন ও বারাসাতসহ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত রাজনৈতিক সংঘর্ষের খবর পাওয়া গেছে যা নিয়ে জনমনে কিছুটা উদ্বেগ ছিল। এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে এরই মধ্যে পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছে। এখানকার সীমান্তবর্তী জেলাগুলোর সাথে বাংলাদেশের নিবিড় যোগাযোগ থাকায় এই নির্বাচনের দিকে কড়া নজর রাখছেন এপারের মানুষও। 

বিশেষ করে নন্দীগ্রামের লড়াই এবারের নির্বাচনের সবচেয়ে বড় আকর্ষণ হিসেবে দেখা হচ্ছে কারণ এখানে হেভিওয়েট প্রার্থীদের ভাগ্য নির্ধারিত হবে। বিকেলের মধ্যে বড় কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটগ্রহণ সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে নিজ নিজ জয় নিশ্চিত করার ব্যাপারে ব্যাপক আত্মবিশ্বাস প্রকাশ করা হচ্ছে তবে চূড়ান্ত ফলাফল জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। সাধারণ ভোটাররা দ্রব্যমূল্য ও উন্নয়নের ইস্যুকে সামনে রেখেই তাদের রায় দিচ্ছেন বলে প্রাথমিক প্রতিক্রিয়ায় জানিয়েছেন। পুরো নির্বাচনী প্রক্রিয়ায় শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।