জুন ২৩, ২০২৬, ০৮:৩২ পিএম
ভারতের রাজস্থানের সীমান্তঘেঁষা বিভিন্ন এলাকায় মসজিদ, মাদরাসা ও দরগাসহ মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় স্থাপনা ধ্বংস ও অপসারণের ঘটনা বন্ধে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সরাসরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে। অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন প্রধান এবং হায়দরাবাদের সংসদ সদস্য আসাদুদ্দিন ওয়াইসি এই দাবি জানান।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি রাজস্থান প্রশাসনের বিরুদ্ধে এই পরিকল্পিত উচ্ছেদের অভিযোগ তোলেন।রাজস্থানের কয়েকটি জেলায় এই অভিযান চালানো হচ্ছে বলে জানা গেছে।দলটির স্থানীয় জেলা সভাপতির তথ্যের বরাতে জানানো হয়, বিকানেরে চারটি এবং ফালোদি, জয়সলমের ও বারমের এলাকায় আরও নয়টি মসজিদ ও দরগা ইতোমধ্যে ভেঙে ফেলা হয়েছে।
পাশাপাশি শতাধিক ধর্মীয় স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদের নোটিশ জারি করা হয়েছে বলেও দাবি করা হয়। জাতীয় নিরাপত্তার বিষয়টি সামনে এনে প্রশাসন এসব অভিযান পরিচালনা করছে বলে ওয়াইসি উল্লেখ করেন। প্রথমে স্থাপনাগুলো চারণভূমির ওপর নির্মিত দাবি করা হলেও স্থানীয়রা প্রয়োজনীয় কাগজপত্র দেখানোর পর নতুন জটিলতা সামনে আনা হয়।
এই উচ্ছেদ কার্যক্রমকে বৈষম্যমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত আখ্যা দিয়ে অবিলম্বে তা বন্ধের আহ্বান জানানো হয়েছে। তবে বিষয়টি নিয়ে রাজস্থান রাজ্য সরকার কিংবা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন