সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

অবরোধ না কাটলে হরমুজ খুলবে না ইরান: পেজেশকিয়ান

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ২৬, ২০২৬, ১১:১৩ এএম

অবরোধ না কাটলে হরমুজ খুলবে না ইরান: পেজেশকিয়ান

হরমুজ প্রণালিতে পাহারা

আন্তর্জাতিক রাজনীতির উত্তপ্ত আবহে ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, দেশটির ওপর আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও অবরোধ বহাল থাকা পর্যন্ত এই জলপথটি পুরোপুরি খুলে দেওয়া হবে না। 

আজ রোববার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে এক গুরুত্বপূর্ণ ফোনালাপে তিনি তেহরানের এই অনড় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন।প্রেসিডেন্ট পেজেশকিয়ান তার আলোচনায় বর্তমান পরিস্থিতির জটিলতার কথা উল্লেখ করে বলেন, হরমুজ প্রণালির ওপর নানামুখী চাপ এবং ওমান সাগরে বিদেশি সামরিক শক্তির উপস্থিতি আলোচনার পরিবেশকে মারাত্মকভাবে বাধাগ্রস্ত করছে। 

তিনি মনে করেন, ওয়াশিংটন একদিকে কূটনৈতিক আলোচনার প্রস্তাব দিচ্ছে, আবার অন্যদিকে নতুন নতুন অবরোধ আরোপ করছে। মার্কিন প্রশাসনের এই দ্বিমুখী নীতিই বর্তমান আস্থার সংকটের মূল কারণ বলে তিনি উল্লেখ করেন। 

যুক্তরাষ্ট্রের এমন স্ববিরোধী আচরণ ইরানের সাধারণ মানুষ ও নীতি নির্ধারকদের মধ্যে দেশটির প্রতি গভীর অবিশ্বাসের জন্ম দিয়েছে বলে তিনি মন্তব্য করেন।পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপকালে ইরানি প্রেসিডেন্ট আরও ইঙ্গিত দেন যে, মার্কিন সরকারের অন্যায্য ও একতরফা শর্তের কারণেই বর্তমানে বিভিন্ন কূটনৈতিক আলোচনা থমকে আছে। বিশেষ করে ইসলামাবাদে নির্ধারিত আলোচনাগুলো কোনো ইতিবাচক ফলাফলে পৌঁছাতে পারছে না। 

পেজেশকিয়ান দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেন, যতক্ষণ পর্যন্ত কার্যকরভাবে সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করা না হবে, ততক্ষণ ইরান কোনো অবস্থাতেই পুনরায় আলোচনার টেবিলে ফিরবে না। বৈশ্বিক জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান এই রুটটি নিয়ে ইরানের এমন কঠোর হুঁশিয়ারি বিশ্ব অর্থনীতি ও আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে উদ্বেগের সৃষ্টি করতে পারে বলে ধারণা করা হচ্ছে।