মে ৫, ২০২৬, ০৩:৩০ পিএম
মঙ্গলবার ‘দ্য উইক’-এর এক প্রতিবেদনে জানানো হয়, ভারতের কেরালার ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে পেরাম্ব্রা আসনে জয়ী হয়ে ইতিহাস গড়েছেন ৩৪ বছর বয়সী আইনজীবী ফাতিমা তাহিলিয়া। তিনি ভারতীয় ইউনিয়ন মুসলিম লীগের (আইইউএমএল) প্রথম নারী হিসেবে রাজ্য আইনসভায় নির্বাচিত হয়েছেন।
বামপন্থীদের দীর্ঘদিনের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত পেরাম্ব্রা আসনে ফাতিমা ৮১ হাজার ৪২৯ ভোট পেয়েছেন। তিনি সিপিআইএমের জ্যেষ্ঠ নেতা ও এলডিএফ কনভেনর টি. পি. রামকৃষ্ণনকে ৫ হাজার ৮৭ ভোটের ব্যবধানে পরাজিত করেন।
এই ফলাফল এলডিএফ জোটের জন্য একটি ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে। ২০২১ সালের নির্বাচনে রামকৃষ্ণন একই আসনে ২২ হাজারের বেশি ভোটে জয় পেয়েছিলেন। ফাতিমা তাহিলিয়ার এই জয় মালাবার অঞ্চলে ভোটারদের রাজনৈতিক মনোভাব পরিবর্তনের ইঙ্গিত দেয়।
দলীয় ইতিহাসে আইইউএমএল খুব কমই নারী প্রার্থী মনোনয়ন দিয়েছে। ২০২৬ সালের আগে ১৯৯৬ ও ২০২১ সালে মাত্র দুজন নারীকে প্রার্থী করা হলেও তারা কেউই জয়ী হতে পারেননি। গত ৩১ মার্চ পেরাম্ব্রায় ফাতিমার পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
২০১২ সাল থেকে রাজনীতিতে যুক্ত ফাতিমা তাহিলিয়া ছাত্র সংগঠন মুসলিম স্টুডেন্টস ফেডারেশনের (এমএসএফ) নারী শাখা ‘হারিতা’-র প্রতিষ্ঠাতা রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ত্রিশূরের সরকারি আইন কলেজ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করে বর্তমানে কোঝিকোড জেলা আদালতে কর্মরত। এর আগে ২০২০ সালে তিনি কোঝিকোড সিটি করপোরেশনের কুট্টিচিরা ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হন।
সামাজিক ইস্যুতে তিনি বরাবরই সোচ্চার। বাল্যবিবাহ রোধ, হিজাব অধিকার এবং মুসলিম নারীদের শিক্ষার পক্ষে প্রচারণায় তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন।
২০২১ সালের আগস্ট মাসে সংগঠনের কিছু জ্যেষ্ঠ নেতার অশালীন আচরণের প্রতিবাদ করে তিনি রাজ্য মহিলা কমিশনে অভিযোগ দায়ের করেছিলেন। এর জেরে তাকে এমএসএফের জাতীয় সহ-সভাপতির পদ থেকে বহিষ্কার করা হয়। দলের ভেতরে অভিজ্ঞতার অভাব নিয়ে প্রশ্নের মুখে পড়লেও তিনি নিজের রাজনৈতিক অবস্থানে অটল ছিলেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন