রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

আল্লাহ ছাড়া কেউ আমাদের বাধ্য করতে পারবে না: পেজেশকিয়ান

আন্তর্জাতিক ডেস্ক

মে ৬, ২০২৬, ০৯:৪০ পিএম

আল্লাহ ছাড়া কেউ আমাদের বাধ্য করতে পারবে না: পেজেশকিয়ান

ছবি - সংগৃহীত

মুসলমানরা শুধু সর্বশক্তিমান আল্লাহর কাছেই আত্মসমর্পণ করে, অন্য কোনো শক্তি বা চাপের মুখে তাদের বশ্যতা স্বীকারে বাধ্য করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় তিনি এই অবস্থানের কথা জানান।

বুধবার ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার এক প্রতিবেদনে প্রেসিডেন্টের এই বার্তাটি তুলে ধরা হয়েছে। সেখানে পেজেশকিয়ান লেখেন, ‍‍`আমরা মুসলমানরা আগেই আত্মসমর্পণ করেছি; সর্বশক্তিমান আল্লাহর কাছে। আর কেউ আমাদেরকে আর কোনোভাবে আত্মসমর্পণ করাতে পারে না।‍‍`

ইরানি প্রেসিডেন্ট তাঁর বার্তায় শিয়া মতবাদের অনুসারীদের বিশ্বাসের ওপর বিশেষ জোর দেন। তিনি উল্লেখ করেন, শিয়া অনুসারীদের কখনোই জোর করে বা বাড়তি চাপের মাধ্যমে আত্মসমর্পণে বাধ্য করা যায় না। 

মূলত ধর্মীয় এই আদর্শ ও বিশ্বাসের কথা উল্লেখ করেই তিনি বৈশ্বিক শক্তিগুলোর প্রতি কঠোর বার্তা দিয়েছেন।এদিকে ইরানের প্রেসিডেন্ট মঙ্গলবার ইরাকের প্রধানমন্ত্রীর সাথে টেলিফোনে কথা বলেন। ওই আলাপে মধ্যপ্রাচ্য অঞ্চলের বর্তমান রাজনৈতিক ও সামরিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।টেলিফোন কথোপকথনে পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের প্রতি একটি বিশেষ আহ্বান জানান। তিনি বলেন, ওয়াশিংটনকে অবশ্যই এই অঞ্চল থেকে তাদের সামরিক হুমকি প্রত্যাহার করতে হবে। 

তিনি পুনরায় সতর্ক করে বলেন, শিয়া মতবাদের অনুসারীদের ওপর চাপ প্রয়োগ করে কোনো সুফল আসবে না, কারণ তারা কেবল আল্লাহর কাছেই দায়বদ্ধ।ইরাকের প্রধানমন্ত্রীর সাথে আলোচনায় তিনি আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার বিষয়েও গুরুত্বারোপ করেন। ইরানের প্রেসিডেন্টের এই বক্তব্য এমন এক সময়ে এলো যখন মধ্যপ্রাচ্যে ভূ-রাজনৈতিক উত্তেজনা নতুন মাত্রা নিচ্ছে। তাঁর এই বার্তাকে পশ্চিমা দেশগুলোর চাপের বিপরীতে ইরানের অনড় অবস্থানের বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।