সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

ইরানে হামলার সুযোগ খুঁজছে ইসরায়েল, জানাল যুক্তরাষ্ট্রকে

দিনাজপুর টিভি ডেস্ক

মে ৭, ২০২৬, ০৩:৪৩ পিএম

ইরানে হামলার সুযোগ খুঁজছে ইসরায়েল, জানাল যুক্তরাষ্ট্রকে

মধ্যপ্রাচ্যে বাড়ছে সংঘাতের শঙ্কা

ইরানের বিরুদ্ধে আবারও সামরিক অভিযান চালানোর আগ্রহ প্রকাশ করেছে ইসরায়েল। দেশটি নিজেদের এই অবস্থানের কথা যুক্তরাষ্ট্রকে স্পষ্টভাবে জানিয়েছে।ইসরায়েলি পাবলিক ব্রডকাস্টিং করপোরেশনের (আইপিবিসি) এক প্রতিবেদনে বলা হয়েছে, তেল আবিবের সামরিক ও নিরাপত্তা নীতিনির্ধারকেরা মনে করছেন যে ইরানের সঙ্গে চলমান আলোচনা বা সম্ভাব্য কোনো সমঝোতা কেবল সময়ক্ষেপণ ছাড়া আর কিছু নয়। 

এই প্রেক্ষাপটে পারস্য উপসাগরীয় অঞ্চলের বর্তমান পরিস্থিতিকে কাজে লাগিয়ে ইরানের ভেতরে নতুন করে হামলার পরিকল্পনা করা হচ্ছে।প্রতিবেদনে দাবি করা হয়েছে, গত মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক কর্মকর্তাদের মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়। 

সেখানে সম্ভাব্য হামলার জন্য নতুন কিছু লক্ষ্যবস্তুর তালিকা প্রস্তুত করা হয়েছে। এই তালিকায় ইরানের অপরিশোধিত তেল শোধনাগার, জ্বালানি অবকাঠামো এবং এ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে বলে জানা গেছে।

ওয়াশিংটনের কাছে পাঠানো সাম্প্রতিক বার্তায় ইসরায়েল জানিয়েছে যে তারা যেকোনো উপায়ে ইরানের ওপর নতুন করে আক্রমণ শুরু করার সুযোগ খুঁজছে। মধ্যপ্রাচ্যে ইরানের ক্রমবর্ধমান প্রভাব ঠেকাতে সামরিক পদক্ষেপকেই এখন প্রধান পথ হিসেবে দেখছে তেল আবিব।এদিকে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়তে থাকায় আন্তর্জাতিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে। বিশ্লেষকদের মতে, কূটনৈতিক প্রচেষ্টা সফল না হলে এই অঞ্চলে সংঘাত আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে পারে। 

তবে যুক্তরাষ্ট্র এই হামলার পরিকল্পনায় সরাসরি অংশ নেবে কি না, তা নিয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।আইপিবিসির তথ্য অনুযায়ী, লক্ষ্যবস্তু নির্ধারণের ক্ষেত্রে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে প্রাথমিক সমন্বয় শেষ হয়েছে। ইরানের ভেতরে কৌশলগত গুরুত্বসম্পন্ন স্থাপনাগুলোতে হামলা চালিয়ে দেশটির অর্থনৈতিক ভিত্তি দুর্বল করে দেওয়াই ইসরায়েলের মূল লক্ষ্য। সংঘাতের এই নতুন শঙ্কা এখন পুরো বিশ্ব রাজনীতির আলোচনার কেন্দ্রে রয়েছে।