সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত

আন্তর্জাতিক ডেস্ক

মে ১১, ২০২৬, ১১:০৬ পিএম

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত

লেবাননে ইসরায়েলি হামলা

লেবাননের দক্ষিণাঞ্চলের জিবদিন এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় দুই বাংলাদেশি শ্রমিকসহ তিনজন নিহত হয়েছেন। সোমবার (১১ মে) সংবাদমাধ্যম লরিয়েন্ট টুডে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, একটি বাড়িকে লক্ষ্য করে চালানো ড্রোন হামলায় তারা প্রাণ হারান।

নিহত তিনজনই ওই এলাকায় শ্রমিক হিসেবে কাজ করছিলেন। জিবদিন এলাকায় এটি ছিল সোমবারের দ্বিতীয় ইসরায়েলি হামলা। তাৎক্ষণিকভাবে নিহত দুই বাংলাদেশি শ্রমিকের পরিচয় প্রকাশ করা হয়নি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তাদের পরিচয় নিশ্চিত করতে এবং ঘটনাটি নিয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।

এর আগে দক্ষিণ লেবাননের নয়টি গ্রামের বাসিন্দাদের অবিলম্বে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছিল ইসরায়েলি সেনাবাহিনী। দেশটির সামরিক মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছিলেন, হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে সেখানে বিমান ও গোলাবর্ষণ অভিযান পরিচালনা করা হবে। এই নির্দেশের পরপরই ওই এলাকায় হামলা জোরদার করে ইসরায়েলি বাহিনী।

লেবাননের স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, সোমবারের ড্রোন হামলাটি সুনির্দিষ্টভাবে একটি আবাসিক বাড়িকে লক্ষ্য করে চালানো হয়েছিল। হামলার সময় ওই শ্রমিকরা বাড়িতেই অবস্থান করছিলেন। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তারা হিজবুল্লাহর সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা পরিচালনা করছে, তবে এসব হামলায় বেসামরিক মানুষ ও প্রবাসী শ্রমিকদের হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ তৈরি হয়েছে।