রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণ, ২ পুলিশসহ নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক

মে ১২, ২০২৬, ০২:৪৭ পিএম

পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণ, ২ পুলিশসহ নিহত ৭

বিস্ফোরণস্থলে উদ্ধার অভিযান

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের লাক্কি মারওয়াত জেলায় মঙ্গলবার এক বিস্ফোরণে অন্তত সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন পুলিশ সদস্য রয়েছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ।জেলা পুলিশের মুখপাত্র কুদরাতুল্লাহ খান জানান, সারাই নওরং তহসিলে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আরও অন্তত ২৩ জন আহত হয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। আহতদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালগুলোতে পাঠানো হয়েছে।

নিহত পুলিশ সদস্যদের নাম আদিল জান ও রাহাতুল্লাহ বলে শনাক্ত করা হয়েছে। বিস্ফোরণটি কীভাবে ঘটেছে তা এখনো নিশ্চিত হতে পারেনি কর্তৃপক্ষ। এটি বিস্ফোরকভর্তি কোনো যানবাহনের মাধ্যমে ঘটানো হয়েছে নাকি আত্মঘাতী হামলা ছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান কুদরাতুল্লাহ খান। বর্তমানে বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে প্রমাণ সংগ্রহের কাজ করছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বিস্ফোরণটি একটি ব্যস্ত চত্বরে ঘটে যেখানে ট্রাফিক নিয়ন্ত্রণে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছিলেন। তীব্র এই বিস্ফোরণে আশপাশের দোকান ও কয়েকটি তিন চাকার যানবাহন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পর ডিএসপি নওরং সার্কেলের নেতৃত্বে বিশাল একটি পুলিশ বাহিনী এলাকাটি ঘিরে ফেলেছে।

উদ্ধারকারী সংস্থা রেসকিউ ১১২২ জানিয়েছে, তারা দ্রুত ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স ও উদ্ধারকর্মী পাঠিয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য বান্নু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সাধারণ জনগণকে বর্তমানে ওই এলাকা এড়িয়ে চলার অনুরোধ জানানো হয়েছে।খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি পুলিশের মহাপরিদর্শকের কাছ থেকে হামলার বিস্তারিত রিপোর্ট তলব করেছেন।

এছাড়া তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।এর আগে গত শনিবার রাতেও বান্নু জেলার ফতেহ খেল পুলিশ পোস্টে এক আত্মঘাতী হামলায় অন্তত ১৫ জন পুলিশ সদস্য নিহত হয়েছিলেন। সাম্প্রতিক এই ধারাবাহিক হামলার ঘটনা পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। বর্তমানে ওই অঞ্চলে আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ সতর্কতা জারি রয়েছে।

সূত্র: ডন