রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল পাকিস্তান

দিনাজপুর টিভি ডেস্ক

মে ১২, ২০২৬, ০৭:৩২ পিএম

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল পাকিস্তান

জিলহজের চাঁদের পূর্বাভাস

পাকিস্তানে আগামী ২৭ মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির মহাকাশ ও বায়ুমণ্ডল গবেষণা সংস্থা ‘পাকিস্তান মহাকাশ ও ঊর্ধ্ব বায়ুমণ্ডল গবেষণা কমিশন (সুপারকো)’। মঙ্গলবার এক বিবৃতিতে সংস্থাটি জিলহজ মাসের চাঁদ নিয়ে এই তথ্য জানিয়েছে।

পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে, ১৪৪৭ হিজরির জিলহজ মাসের নতুন চাঁদ ১৭ মে রাত ১টা ১ মিনিটে জন্ম নেওয়ার সম্ভাবনা রয়েছে। সুপারকোর হিসাব অনুযায়ী, ওই দিন সূর্যাস্তের সময় চাঁদের বয়স হবে প্রায় ১৮ ঘণ্টা ৩০ মিনিট। দেশটির উপকূলীয় অঞ্চলে সূর্যাস্ত ও চাঁদাস্তের ব্যবধান প্রায় ৬০ মিনিট হতে পারে বলে উল্লেখ করা হয়েছে।

মহাকাশ গবেষণা সংস্থাটি বলেছে, জ্যোতির্বৈজ্ঞানিক তথ্য অনুযায়ী ১৭ মে সন্ধ্যায় জিলহজের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা অনুকূল। তবে এটি আবহাওয়া ও দিগন্তের দৃশ্যমানতার ওপরও নির্ভর করবে। এই হিসাব অনুযায়ী ১৮ মে সোমবার থেকে জিলহজ মাস শুরু হতে পারে এবং সে অনুযায়ী ২৭ মে ঈদুল আজহা পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে ঈদুল আজহার তারিখ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে পাকিস্তানের কেন্দ্রীয় রুয়েত-ই-হিলাল কমিটি। সুপারকো জানিয়েছে, নির্ভরযোগ্য সাক্ষ্য ও দেশের বিভিন্ন স্থান থেকে পাওয়া পর্যবেক্ষণের ভিত্তিতে ইসলামি মাস শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার এখতিয়ার শুধু এই কমিটিরই রয়েছে। তারা খালি চোখে চাঁদ দেখাকেই চূড়ান্ত হিসেবে আমলে নেবে।

সাধারণত মহাকাশ গবেষণা সংস্থাগুলোর দেওয়া তথ্যের ওপর ভিত্তি করেই দেশগুলো ঈদ বা রমজানের প্রস্তুতি গ্রহণ করে। যদিও চূড়ান্ত ঘোষণার জন্য চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তের অপেক্ষায় থাকতে হয় সংশ্লিষ্ট দেশগুলোর নাগরিকদের।পাকিস্তানের এই পূর্বাভাসের পর মধ্যপ্রাচ্যসহ এশিয়ার অন্যান্য দেশেও ঈদুল আজহার সম্ভাব্য তারিখ নিয়ে আলোচনা শুরু হয়েছে। বাংলাদেশে সাধারণত মধ্যপ্রাচ্যের পরদিন ঈদ পালিত হয়।