বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

ভারতের ঐতিহাসিক কামাল মওলা মসজিদকে মন্দির ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

মে ১৫, ২০২৬, ০৫:২৬ পিএম

ভারতের ঐতিহাসিক কামাল মওলা মসজিদকে মন্দির ঘোষণা

ভারতের মধ্যপ্রদেশের ধারের বিতর্কিত ভোজশালা কমপ্লেক্সকে সরস্বতী মন্দির হিসেবে ঘোষণা করেছে রাজ্যটির হাইকোর্ট। বিচারপতি বিজয় কুমার শুক্লা ও বিচারপতি অলোক আওয়াস্থির সমন্বয়ে গঠিত বেঞ্চ শুক্রবার (১৫ মে) এই ঐতিহাসিক রায় দেয়। আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, ওই স্থানে একসময় একটি সংস্কৃত শিক্ষাকেন্দ্র এবং দেবী সরস্বতীর মন্দির ছিল বলে জোরালো প্রমাণ পাওয়া গেছে। 

পরমার রাজবংশের রাজা ভোজের সময়কালে নির্মিত এই কাঠামোর চারিত্রিক বৈশিষ্ট্য মন্দিরের সঙ্গেই সামঞ্জস্যপূর্ণ বলে আদালত মনে করে।আদালত এই স্থানে হিন্দু পূজার ধারাবাহিকতা কখনো বিলুপ্ত হয়নি বলে উল্লেখ করেছে।

প্রত্নতাত্ত্বিক বিভাগ বা এএসআই-এর জমা দেওয়া বৈজ্ঞানিক সমীক্ষার ওপর ভিত্তি করেই এই রায় ঘোষণা করা হয়েছে। গত ১১ মার্চ হাইকোর্টের নির্দেশে ৯৮ দিনব্যাপী এই সমীক্ষা শুরু হয়। ২০২৪ সালের ২২ মার্চ থেকে শুরু হওয়া ওই জরিপ শেষে এএসআই আদালতকে জানায় যে, বর্তমান কাঠামোটি মূলত পূর্বের একটি মন্দিরের ধ্বংসাবশেষ বা পুনর্ব্যবহৃত অংশ ব্যবহার করেই তৈরি করা হয়েছে। 

সমীক্ষায় সেখানে প্রাচীন মুদ্রা, ভাস্কর্য এবং শিলালিপি পাওয়ার দাবি করা হয়েছে যা মূলত একটি মন্দিরের অস্তিত্বের দিকেই সরাসরি ইঙ্গিত করে।হিন্দু পক্ষ এই বৈজ্ঞানিক প্রমাণের ওপর ভিত্তি করে কমপ্লেক্সটিতে উপাসনার একচেটিয়া অধিকার দাবি করে হাইকোর্টে আবেদন করেছিল। এর আগে ২০০৩ সালের এক চুক্তি অনুসারে, সেখানে মঙ্গলবারে হিন্দুরা পূজা এবং শুক্রবারে মুসলমানরা নামাজ আদায় করে আসছিলেন। তবে হিন্দু আবেদনকারীরা এই দ্বিমুখী ব্যবস্থার বিরোধিতা করে উপাসনার পূর্ণ অধিকার দাবি করেন। তাদের মতে, পুরো এলাকাটি রাজা ভোজের নির্মিত একটি অত্যন্ত পবিত্র মন্দির যা পরবরর্তীতে রূপান্তরিত করা হয়েছিল। আদালতের রায়ে তাদের এই দীর্ঘদিনের দাবি এখন আইনি ভিত্তি পেল।

এদিকে মুসলিম পক্ষ আদালতের এই রায় এবং এএসআই-এর প্রতিবেদনকে সরাসরি প্রত্যাখ্যান করে একে পক্ষপাতদুষ্ট বলে দাবি করেছে। তাদের যুক্তি ছিল, কয়েক শতাব্দী ধরে এই স্থানটি কামাল মওলা মসজিদ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে এবং জরিপ প্রতিবেদনটি একপাক্ষিকভাবে হিন্দুদের স্বার্থে তৈরি করা হয়েছে। তবে আদালত মুসলিম সম্প্রদায়কে ওই জেলায় নতুন মসজিদ নির্মাণের জন্য পৃথক জমি বরাদ্দের আবেদন করার পরামর্শ দিয়েছে। রাজ্য সরকারের কাছে এই আবেদনের মাধ্যমে বিকল্প স্থানে নামাজ পড়ার ব্যবস্থা করার পথ খোলা রাখা হয়েছে।