শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬,

নাবালিকাকে যৌন হয়রানির অভিযোগে ভারতের মন্ত্রীর ছেলে গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

মে ১৭, ২০২৬, ০১:২৬ পিএম

নাবালিকাকে যৌন হয়রানির অভিযোগে ভারতের মন্ত্রীর ছেলে গ্রেপ্তার

নাবালিকাকে যৌন হয়রানির অভিযোগে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে বন্দি ভগিরথ সাইয়কে গ্রেপ্তার করা হয়েছে। তেলেঙ্গানা হাইকোর্টে তার অন্তর্বর্তীকালীন জামিনের আবেদনটি সরাসরি নামঞ্জুর হওয়ার পর পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেয়। গতকাল শনিবার দেশটির একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

অভিযুক্ত সাইয়ের বাবা বন্দি সঞ্জয় কুমার ভারতের ক্ষমতাসীন দল বিজেপির একজন সংসদ সদস্য।স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিজেই তদন্তের স্বার্থে তার ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছেন। সতেরো বছর বয়সী এক তরুণীকে হেনস্তা ও যৌন নিপীড়নের অভিযোগে সাইয়ের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করা হয়েছিল। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক দীর্ঘ পোস্টে ভারতের এই কেন্দ্রীয় মন্ত্রী দাবি করেন যে, আইনের চোখে সবাই সমান এবং তিনি বিচার ব্যবস্থার প্রতি শতভাগ শ্রদ্ধাশীল। তিনি আশা প্রকাশ করেন, আইনি প্রক্রিয়ার মাধ্যমেই আগামী সপ্তাহের মধ্যে এই সংকটের একটি যথাযথ সমাধান বেরিয়ে আসবে।

এর আগে গত শুক্রবার গভীর রাত পর্যন্ত চলা এক বিশেষ শুনানিতে তেলেঙ্গানা হাইকোর্ট অভিযুক্ত সাইকে গ্রেপ্তার থেকে অন্তর্বর্তীকালীন কোনো সুরক্ষা দিতে সম্পূর্ণ অস্বীকৃতি জানায়। আদালতে জামিনের তীব্র বিরোধিতা করেন ভুক্তভোগী নাবালিকার আইনজীবী। 

শুনানিতে সাইয়ের আইনি পরামর্শদাতা দাবি করেন যে ওই তরুণীর মায়ের দেওয়া বয়ান অনুযায়ী তাদের সম্পর্কটি একেবারেই স্বাভাবিক ও সৌহার্দ্যপূর্ণ ছিল। কিন্তু আদালত এই মুহূর্তে কোনো অন্তর্বর্তী আদেশ দিতে রাজি হয়নি। তবে অভিযুক্ত সাই এই পুরো ঘটনাকে তার বিরুদ্ধে একটি পরিকল্পিত ‍‍`হানি-ট্র্যাপ‍‍` এবং অর্থ আদায়ের চাল বলে দাবি করে আসছেন। তার অভিযোগ, ওই তরুণীর পরিবার বিয়ের নাম করে তার কাছে পাঁচ কোটি রুপি দাবি করেছিল।

তথ্যসূত্র: দ্য স্টেটসম্যান