রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

সিডনিতে স্ত্রী ও দুই সন্তানকে হত্যার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

মে ১৯, ২০২৬, ১১:২৭ এএম

সিডনিতে স্ত্রী ও দুই সন্তানকে হত্যার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

অস্ট্রেলিয়ার সিডনির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ক্যাম্পবেলটাউনের একটি বাড়ি থেকে এক নারী ও দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ট্রিপল মার্ডারের ঘটনায় ৪৭ বছর বয়সী বাংলাদেশি বংশোদ্ভূত মো. শোমন আহমেদকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে তাঁর বিরুদ্ধে হত্যার অভিযোগ এনেছে স্থানীয় পুলিশ। সোমবার রাত আটটার কিছু আগে রেমন্ড এভিনিউয়ের ওই বাড়ি থেকে জরুরি নম্বরে ফোন পেয়ে পুলিশ ও উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছান।

থামানো গেল না শেষ রক্ষা।

আদালতের নথি অনুসারে, সোমবার সকাল ৯টা থেকে রাত ৭টা ৫৫ মিনিটের মধ্যে যেকোনো সময় এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। পুলিশ জানিয়েছে, ৪৬ বছর বয়সী ওই নারী এবং চার ও ১২ বছর বয়সী দুই শিশুর মরদেহ বাড়ির আলাদা আলাদা অংশ থেকে উদ্ধার করা হয়। 

তিনজনের শরীরেই গুরুতর আঘাতের চিহ্ন ছিল। স্থানীয় বাংলাদেশ কমিউনিটির সূত্র জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি ফুল টাইম দুই সন্তানকে দেখাশোনা করতেন এবং তাঁর স্ত্রী চাকরি করতেন।

আজ মঙ্গলবার ক্যাম্পবেলটাউন লোকাল কোর্টে মামলাটি সংক্ষিপ্তভাবে উপস্থাপন করা হলে আদালত আনুষ্ঠানিকভাবে শোমন আহমেদের জামিন নামঞ্জুর করে। অভিযুক্ত ব্যক্তি আদালতে সশরীরে উপস্থিত ছিলেন না এবং তাঁর আইনজীবী জাওয়াদ হোসেন জানিয়েছেন, তাঁর মক্কেল মানসিকভাবে সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়েছেন। প্রতিবেশীদের ভাষ্যমতে, এই প্রবাসী পরিবারটি খুবই নিরিবিলি থাকত এবং আশপাশের কারও সাথে খুব একটা মিশত না। নিহত বড় শিশুটির গুরুতর স্নায়বিক শিখন অক্ষমতা ছিল বলে জানা গেছে।

তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে পূর্বে কোনো পারিবারিক সহিংসতার অভিযোগ ছিল না এবং তিনি এর আগে পুলিশের নজরে আসেননি। স্থানীয় প্রশাসন ঘটনাটিকে একটি বড় জাতীয় ট্র্যাজেডি হিসেবে উল্লেখ করেছে। সিডনির এই শান্ত আবাসিক এলাকায় বর্তমানে ফরেনসিক বিশেষজ্ঞরা পুরো সড়ক ঘিরে রেখে তদন্ত চালাচ্ছেন। আগামী ১৫ জুলাই এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করে শোমন আহমেদকে আবারও আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।

তথ্যসূত্র: নিউজডটকমডটএউ