মে ৩১, ২০২৬, ০১:০৫ পিএম
ভারতের দক্ষিণ দিল্লির সাকেত মেট্রো স্টেশনের কাছে ওয়েস্টার্ন মার্গে একটি পাঁচতলা বাণিজ্যিক ভবন ধসে পড়েছে। ঘটনাটি ঘটেছে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটের দিকে। ভবনটিতে একটি কোচিং ইনস্টিটিউট, ক্যাফে এবং বিভিন্ন অফিস চালু ছিল।ধ্বংসস্তূপ থেকে এ পর্যন্ত শিক্ষার্থীসহ অন্তত ১২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
উদ্ধারকৃতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। ভবনটি ভেঙে পাশের একটি অস্থায়ী টিনের শেড দেওয়া ক্যান্টিনের ওপর গিয়ে পড়ে। ওই সময় সেখানে শিক্ষার্থীরা রাতের খাবার খাচ্ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্ঘটনার সময় ক্যান্টিনে ৩০ থেকে ৩৫ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।আহত এক ছাত্রীর বাবা বলবন্ত যাদব জানান, তাঁর ২৫ বছর বয়সী মেয়ে সাকেতের অ্যারাইজ মেডিকেল একাডেমিতে স্নাতকোত্তর প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। সম্প্রতি বিদেশ থেকে চিকিৎসাশাস্ত্রে স্নাতক শেষ করে দেশে ফেরা ওই শিক্ষার্থীর পায়ে গুরুতর আঘাত লেগেছে।
স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, ধ্বংসস্তূপের নিচে এখনো অনেক মানুষ আটকে থাকতে পারেন।একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে আর কেউ আটকে আছে কিনা তা নিশ্চিত করতে তল্লাশি চলছে। ঘটনার পর মেহরাউলি থানার পুলিশ দ্রুত সেখানে পৌঁছায়। বর্তমানে জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী, দিল্লি দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, ফায়ার সার্ভিস ও পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করছে। এই ঘটনায় একটি মামলা দায়ের করা হবে বলেও জানানো হয়েছে।
তথ্যসূত্র: এনডিটিভি

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন