সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

হামলা চালিয়ে ফিলিস্তিনি চিকিৎসককে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

মে ৩১, ২০২৬, ০১:১৪ পিএম

হামলা চালিয়ে ফিলিস্তিনি চিকিৎসককে হত্যা

গাজায় বিমান হামলা

গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় এক ফিলিস্তিনি চিকিৎসকসহ অন্তত দুজন নিহত হয়েছেন। এই হামলায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল আজহার চতুর্থ দিন শনিবারে মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় এই ঘটনা ঘটে।

যুক্তরাষ্ট্র-সমর্থিত যুদ্ধবিরতি কার্যকর থাকলেও বিভিন্ন এলাকায় ইসরায়েলি সামরিক অভিযান অব্যাহত রয়েছে।নিহতদের মধ্যে মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকার আল-ইয়াফা মেডিকেল হাসপাতালের অ্যানেসথেশিয়া বিভাগের প্রধান চিকিৎসক জামাল আবু আবাউন রয়েছেন। 

আল-আকসা শহীদ হাসপাতালের কাছে বেসামরিক লোকজনের একটি দলের ওপর ইসরায়েলি ড্রোন হামলায় তিনি প্রাণ হারান। হাসপাতাল সূত্রের বরাতে জানা গেছে, হামলার পর ওই চিকিৎসকের মরদেহ এবং এক শিশুসহ তিনজনকে আহত অবস্থায় সেখানে নিয়ে আসা হয়।

এর আগে ওই দিন দক্ষিণ গাজার খান ইউনিস শহরের পূর্ব ও ডাইরেকশনাল কামানের গোলাবর্ষণ করা হয়। একই সময়ে মধ্য গাজার আল-বুরেইজ শরণার্থী শিবিরেও ভারী গোলাবর্ষণের খবর পাওয়া গেছে। পরে গাজা সিটির ব্যস্ত বাণিজ্যিক এলাকা ফিরাস মার্কেটের কাছে আরেকটি ড্রোন হামলায় আরও একজন ফিলিস্তিনি নাগরিক নিহত ও বেশ কয়েকজন আহত হন। উত্তর গাজার বেইত লাহিয়ার পূর্বাঞ্চলে বেশ কয়েকটি আবাসিক বাড়িঘর সম্পূর্ণ গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। 

এর ফলে অবরুদ্ধ গাজা উপত্যকার আবাসিক এলাকাগুলোতে চলমান ধ্বংসযজ্ঞ আরও বিস্তৃত হয়েছে।এদিকে অধিকৃত পশ্চিম তীরের বিভিন্ন এলাকাতেও তীব্র উত্তেজনা অব্যাহত রয়েছে। সেখানে ফিলিস্তিনিদের বাড়িঘর ও ব্যক্তিগত সম্পত্তিতে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। উত্তর ও দক্ষিণ পশ্চিম তীরের কয়েকটি অঞ্চলে এই তাণ্ডব চালানো হয় বলে স্থানীয় ফিলিস্তিনি সূত্রগুলো নিশ্চিত করেছে।

তথ্যসূত্র: আল জাজিরা ও ওয়াফা