রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

এরদোয়ানের সমালোচনার জবাবে বিস্ফোরক মন্তব্য নেতানিয়াহুর

আন্তর্জাতিক ডেস্ক

জুন ১০, ২০২৬, ০৮:১৫ পিএম

এরদোয়ানের সমালোচনার জবাবে বিস্ফোরক মন্তব্য নেতানিয়াহুর

সিরিয়া ও লেবাননে ইসরাইলের সামরিক হামলা ও আগ্রাসনের কঠোর নিন্দা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। তিনি বলেছেন, ইসরাইলের এই আগ্রাসন এখন তুরস্কের জন্যও নিরাপত্তার হুমকি হয়ে দাঁড়িয়েছে। বৈশ্বিক ঝুঁকির কথা উল্লেখ করে এরদোয়ান এই সামরিক অভিযান অবিলম্বে বন্ধের আহ্বান জানান।

এরদোয়ানের এই বক্তব্যের পর কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।নেতানিয়াহু হিব্রু ভাষায় এক বিবৃতিতে তুরস্কের প্রেসিডেন্টকে ‍‍`ইহুদিবিদ্বেষী স্বৈরশাসক‍‍` বলে আখ্যায়িত করেন। তিনি তুরস্কের অভ্যন্তরে রাজনৈতিক দমন-পীড়ন ও কুর্দি অভিযানের প্রসঙ্গ টেনে এরদোয়ানকে পাল্টা আক্রমণ করেছেন।

ইসরাইলের প্রধানমন্ত্রী দাবি করেন, বিশ্বের সবচেয়ে নৈতিক বাহিনী হিসেবে তাদের সেনাবাহিনী ইরান ও মিত্র গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখবে। দীর্ঘদিন ধরেই তুরস্কের বিরুদ্ধে রাজনৈতিক বিরোধীদের দমন ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে আসছে বিভিন্ন পশ্চিমা দেশ। তবে আঙ্কারা বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছে।

দুই নেতার সম্পর্ক দীর্ঘকাল ধরেই উত্তেজনাকর।এরদোয়ান অতীতে ইসরাইলের সমালোচনা করতে গিয়ে হিটলারের সঙ্গে তুলনা করেছেন, অন্যদিকে নেতানিয়াহুও তুরস্কের বিরুদ্ধে হামাসকে সমর্থনের অভিযোগ তুলেছেন। এই বাকযুদ্ধ মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার পারদ আরও বাড়িয়ে তুলেছে।

তথ্যসূত্র: টাইমস অব ইসরাইল