জুলাই ৫, ২০২৬, ০৬:৩৭ পিএম
আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরব থেকে ১২ হাজার ২৯২ জন প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। দেশজুড়ে অবৈধ অবস্থানকারীদের বিরুদ্ধে চলমান কঠোর অভিযানের অংশ হিসেবে এ পদক্ষেপ নিয়েছে সৌদি কর্তৃপক্ষ। সম্প্রতি সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।অভিযান চলমান।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, বহিষ্কারের প্রক্রিয়া সম্পন্ন করতে আরও ১৬ হাজার ৯১২ জনকে নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনের কাছে পাঠানো হয়েছে। এছাড়া আইনি বাধ্যবাধকতা পূরণে ৪ হাজার ১৭৪ জনকে ভ্রমণের টিকিট ও রিজার্ভেশন নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। গত এক সপ্তাহে যৌথ নিরাপত্তা অভিযানে মোট ১৫ হাজার ৫৯১ জনকে আটক করা হয়েছে, যার মধ্যে ৭ হাজার ৭৫৯ জন আবাসন আইন, ৪ হাজার ৪৮৮ জন সীমান্ত নিরাপত্তা এবং ৩ হাজার ৩৪৪ জন শ্রম আইন লঙ্ঘনের দায়ে আটক হন।
সৌদি সরকার স্পষ্ট করেছে যে অবৈধভাবে সীমান্ত পারাপারে সহযোগিতা, পরিবহন বা আশ্রয়দান গুরুতর দণ্ডনীয় অপরাধ। এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড, ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা এবং ব্যবহৃত যানবাহন বা সম্পত্তি বাজেয়াপ্ত করার বিধান রয়েছে।প্রবাসীদের আইন মেনে চলার আহ্বান জানিয়ে সংশ্লিষ্টরা জানিয়েছে, আইনি নথি হালনাগাদ না থাকলে কঠোর আইনি ব্যবস্থার মুখে পড়তে হবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন