রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

আজানের ধ্বনিতে মুগ্ধ আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ১০, ২০২৬, ১১:১৮ পিএম

আজানের ধ্বনিতে মুগ্ধ আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

ছবি - সংগৃহীত

তুরস্ক সফর শেষে দেশটির মুসলিম জনগণের সহনশীলতা ও আতিথেয়তায় মুগ্ধ হয়েছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্ট্রুন ফ্রোস্তাদোত্তির। সফর শেষে নিজের ইতিবাচক অভিজ্ঞতার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেছেন তিনি। বিভিন্ন বিষয় নিয়ে তুরস্কের প্রশংসা করেছেন আইসল্যান্ডের এই সরকার প্রধান।আজানের সুর তার হৃদয় ছুঁয়ে গেছে বলে তিনি জানান।

আইসল্যান্ডের প্রধানমন্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক বার্তায় বলেন, তুরস্কের মুসলিমদের সহনশীলতা তাকে মুগ্ধ করেছে। সেখানকার মানুষের আন্তরিক আতিথেয়তা এবং ধর্মীয় পরিবেশ তাকে নতুন এক অভিজ্ঞতা দিয়েছে। বিশেষ করে আজানের ধ্বনি নিয়ে তিনি বলেন, আজানের সুর তার খুব ভালো লেগেছে এবং এর মধ্যে এক ধরনের গভীর ও হৃদয়স্পর্শী আবেদন রয়েছে।

তুরস্কের প্রতি ভালো লাগার কথা জানিয়ে তিনি বলেন, এই সফরের স্মৃতি তার মনে চিরস্থায়ী হয়ে থাকবে এবং খুব শিগগিরই তিনি আবারও তুরস্ক ভ্রমণে আসবেন। প্রধানমন্ত্রীর এই পোস্টের পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তার মন্তব্যের প্রশংসা করেছেন। তুরস্কের সাংস্কৃতিক ও ধর্মীয় পরিবেশের প্রতি তার এই ইতিবাচক দৃষ্টিভঙ্গি দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

তুরস্কের মুসলিম সম্প্রদায়ের সহনশীলতা ও আতিথেয়তা বিশ্বজুড়ে প্রশংসিত। আইসল্যান্ডের প্রধানমন্ত্রীর এই সফর সেই দীর্ঘ ঐতিহ্যেরই প্রতিফলন ঘটাল। কূটনৈতিক সম্পর্কের বাইরেও ব্যক্তিগত অভিজ্ঞতার মাধ্যমে একটি দেশের মানুষের প্রতি অন্য দেশের শীর্ষ নেতৃত্বের এই শ্রদ্ধা প্রদর্শন বিশ্বশান্তি ও সৌহার্দ্যের ক্ষেত্রে একটি ইতিবাচক উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।