সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

হরমুজ প্রণালি নিয়ে নতুন করে কঠোর অবস্থানে ইরান

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ১৬, ২০২৬, ১০:২৮ এএম

হরমুজ প্রণালি নিয়ে নতুন করে কঠোর অবস্থানে ইরান

ছবি - সংগৃহীত

হরমুজ প্রণালি নিয়ে নতুন করে কঠোর অবস্থানে ইরান। দেশটি স্পষ্টভাবে জানিয়েছে, যুক্তরাষ্ট্র তাদের শর্ত মেনে না নেওয়া পর্যন্ত বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ বন্ধই থাকবে। একই সময়ে ইরানের বিভিন্ন শহরে নতুন করে হামলার খবর পাওয়া গেছে।ইরানের সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামি-নিয়া বলেছেন, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ইরানের কর্তৃত্বে না আসা পর্যন্ত এই কৌশলগত নৌপথ খুলে দেওয়া হবে না।

গত মাসে শান্তি-সংক্রান্ত কাঠামোগত যে সমঝোতা হয়েছিল, তার শর্তগুলো যুক্তরাষ্ট্রকে মেনে চলতে হবে বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র যেসব বৈরী কর্মকাণ্ড চালাচ্ছে তা বন্ধ করতে হবে এবং হরমুজ প্রণালিতে ইরানের নির্ধারিত নিয়মও মানতে হবে।তার মতে, যুক্তরাষ্ট্রের চলমান সামরিক অভিযান ইরানকে এই নৌপথ খুলে দিতে বাধ্য করতে পারবে না।

এই মন্তব্যের পরপরই ইরানের বিভিন্ন শহরে নতুন করে বিস্ফোরণের খবর এসেছে। একই সময়ে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম দেশটিতে আবারও হামলা চালানোর ঘোষণা দিয়েছে। সেন্টকম জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের জন্য হুমকি সৃষ্টি করতে পারে—ইরানের এমন সামরিক সক্ষমতা লক্ষ্য করেই এসব হামলা চালানো হয়েছে।

মূলত হরমুজ প্রণালিকে কেন্দ্র করে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই এসব ঘটনা ঘটছে। পাকিস্তানের মধ্যস্থতায় স্থায়ী সমাধানের লক্ষ্যে কাঠামোগত সমঝোতা হলেও পরিস্থিতি এখন বেশ জটিল। যুক্তরাষ্ট্র প্রতিদিন ইরানে হামলা চালাচ্ছে এবং জবাবে তেহরানও পুরো অঞ্চলজুড়ে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে।